Assembly Elections

বিধানসভা নির্বাচন ঘোষণার হওয়ার আগেই রাজ্যে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, দু’দফায় ৪৮০ কোম্পানি বাহিনী পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রক

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ‍্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ফলাফল ঘোষণা হবে। পরের দিনই রাজ্যে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

রাজ‍্যে মোতায়েন হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫

মার্চ মাসে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। তার আগেই রাজ‍্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী ১ মার্চ ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। তার পরে ১০ মার্চ বাকি বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। রাজ‍্যে আপাতত দু’দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ নিয়ে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছোবে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি রয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ভোটার তালিকা প্রকাশের কথা। তালিকা প্রকাশ হওয়ার পরে রাজ্যে অশান্তি-গোলমাল ছড়ানোর আশঙ্কা রয়েছে। সেই কথা সুপ্রিম কোর্টকেও জানান কমিশনের আইনজীবী দামাশেষাদ্রী নাইডু। তার পর দিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে একাধিক বার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল আট দফায়। রাজ্য প্রশাসনকে আগেই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথগুলিকে চিহ্নিত করতে বলেছিল নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরেই। সিইও দফতর এ রাজ্যে এক দফাতেই নির্বাচন আয়োজন করার পক্ষপাতী। তারা ইতিমধ্যে সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। কমিশনের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।


Share