BJP

আলিপুরদুয়ার থেকে বালুরঘাট, প্রার্থী বদলের দাবিতে উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে

আলিপুরদুয়ারে সোমবার জেলা পার্টি অফিসে ভাঙচুরের পর মঙ্গলবারও বিক্ষোভ জারি থাকে। মাথায় কালো ফেট্টি বেঁধে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা জেলা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। তাঁদের দাবি, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ঘোষিত প্রার্থী পরিতোষ দাস-এর পরিবর্তে অন্য নাম বিবেচনা করতে হবে।

বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৬:০৯

উত্তরবঙ্গের একাধিক জেলায় বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে অসন্তোষ থামার নাম নিচ্ছে না। আলিপুরদুয়ার, বালুরঘাট, করণদিঘি এবং মালদহ এই চার জেলায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আলিপুরদুয়ারে সোমবার জেলা পার্টি অফিসে ভাঙচুরের পর মঙ্গলবারও বিক্ষোভ জারি থাকে। মাথায় কালো ফেট্টি বেঁধে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা জেলা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। তাঁদের দাবি, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ঘোষিত প্রার্থী পরিতোষ দাস-এর পরিবর্তে অন্য নাম বিবেচনা করতে হবে। কর্মীদের অভিযোগ, পরিতোষ কখনও সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। সোমবার রাতে তাঁর নাম ঘোষণার পরেই জেলা কার্যালয়ে ভাঙচুর হয়। পরে জেলা সভাপতি মিঠু দাস-কে ঘিরে বিক্ষোভ হয়, এমনকি কিছু সময়ের জন্য তাঁকে তালাবন্দিও করে রাখা হয়। যদিও মঙ্গলবার বিকেলে পরিতোষ স্থানীয় আদ্যামায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বিজেপির রাজ্য সহ-সভাপতি দীপক বর্মনকে স্পষ্ট জানিয়েছেন, ‘প্রার্থী বদলের কোনও সম্ভবনা নেই। ফলে জেলা থেকে রাজ্যে প্রার্থী বদলের কোনও সুপারিশ পাঠানোর প্রশ্নই ওঠে না।’

বালুরঘাটেও একই ছবি। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিধায়ক অশোক কুমার লাহিড়ীকে এ বার টিকিট না দিয়ে প্রার্থী করা হয়েছে আইনজীবী বিদুৎ কুমার রায়কে। রবিবারই বিজেপিতে যোগ দেওয়া বিদ্যুতের নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ ছড়ায়। কয়েকজন বুথ সভাপতি ও কর্মী সমাজ মাধ্যমে পদত্যাগের কথা ঘোষণা করেন। স্থানীয় কর্মীদের অভিযোগ, যিনি দীর্ঘদিন সংগঠনের সঙ্গে ছিলেন না, তাঁকে প্রার্থী করা হয়েছে।

করণদিঘিতেও বিজেপির ঘোষিত প্রার্থী বিরাজ বিশ্বাসকে ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় কর্মীদের অভিযোগ, করণদিঘির সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত নন। মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতা-কর্মীদের একাংশ। বিজেপির স্থানীয় কনভেনার অজয়কুমার সিংহের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা কাউকে প্রার্থী না করে হঠাৎ বাইরের মুখ আনা হয়েছে। যদিও জেলা সভাপতি নিমাই কবিরাজ দাবি করেছেন, দলে কোনও অসন্তোষ নেই।

অন্যদিকে মালদহে এখনও তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি। ইংরেজবাজার, বৈষ্ণবনগর ও হরিশ্চন্দ্রপুরে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইংরেজবাজারে কাউন্সিলর অম্লান ভাদুড়ী ও বিষ্ণুপদ রায়ের নাম ঘুরছে। বৈষ্ণবনগরে প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার-সহ কয়েকজনের নাম আলোচনায়। ইতিমধ্যেই গাজোল ও মালদা কেন্দ্রেও প্রার্থী বদলের দাবিতে দলের একাংশ প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়েছে। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘এখনও অনেকটা সময় রয়েছে। আশা করছি দু’দিনের মধ্যে মালদার বাকি তিনটি বিধানসভা কেন্দ্রে যোগ্য প্রার্থীর নাম ঘোষণা করবে দল।’

প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তরবঙ্গের একাধিক জেলায় যে অসন্তোষ প্রকাশ্যে এসেছে, তা নির্বাচনের মুখে বিজেপির সংগঠনকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। 


Share