BJP

পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের মারধর, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলিপুরদুয়ারে বহিষ্কৃত একাধিক নেতা

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে একাধিক নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৮:৩১

পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে অশান্তির জেরে কড়া পদক্ষেপ করল আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্ব। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে একাধিক নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জেলার অন্যতম সম্পাদক সুনীল মাহাতো, কুমারগ্রাম ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবেশ বর্মন এবং কুমারগ্রাম ২ নম্বর অঞ্চলের কনভেনার দিলীপ পাণ্ডে। এ ছাড়াও দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কালচিনি ১ নম্বর মণ্ডলের সভাপতি রাজেশ ছেত্রী এবং জেলা এক্সিকিউটিভ সদস্য রতন রায়কেও বহিষ্কারের কথা জানিয়েছে জেলা নেতৃত্ব।

দিন কয়েক আগে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিজেপি কর্মীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় বিজেপিরই কয়েক জন নেতার নাম জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দলের অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই অশান্তির সূত্রপাত। ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলেও শুরু হয় জোর চর্চা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের পথে হাঁটল জেলা বিজেপি।

সাংবাদিক বৈঠকে মিঠু দাস জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগ খতিয়ে দেখেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর এই ঘোষণার মাধ্যমে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া বার্তা দিতে চেয়েছে জেলা নেতৃত্ব বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কোনও ধরনের ঔদ্ধত্য, গায়ের জোর বা বিশৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তবে বহিষ্কৃত নেতাদের বক্তব্য কিংবা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। এই সাংগঠনিক পদক্ষেপের পর আলিপুরদুয়ার জেলা বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Share    

BJP