BJP Worker Injured

মালদহে বিজেপি কর্মীদের কোপানোর অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও

অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থী মিলন ঘোষ-সহ পাঁচ বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অভিযুক্ত মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রিপন বর্মন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৩

বিজেপি নেতা ও কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় মালদহের মঙ্গলবাড়ি এলাকায়। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থী মিলন ঘোষ-সহ পাঁচ বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অভিযুক্ত মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রিপন বর্মন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই মিলন ঘোষের সঙ্গে রিপন বর্মনের বিবাদ চলছিল। আহত বিজেপি প্রার্থীর পরিবারের অভিযোগ, রিপন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, বাড়িতে পাথর ছোড়া, গালিগালাজ এবং হুমকি দেওয়ার মতো অভিযোগও তোলা হয়েছে।

অভিযোগ, সোমবার রাতে মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় মিলন ঘোষকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। ঘটনায় তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছোন। পরে তাঁরা অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়িতে গেলে তাঁদের উপরও হামলা চালানোর অভিযোগ ওঠে। ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন জখম হয়েছেন বলে পরিবারের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা রিপন বর্মনের বাড়ি ঘেরাও করেন। ভাঙচুর করা হয় একটি দোকান, চারচাকা গাড়ি এবং একটি অটোতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশে খবর দেওয়া হয়।

মালদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ রিপন বর্মন-সহ তাঁর পরিবারের প্রায় আট থেকে ১০ জন মহিলা ও পুরুষকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

নলডুবির অন্য বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য শিবু ঘোষের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রিপন বর্মন এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। তাঁর দাবি, বিজেপি প্রার্থীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি প্রতিবাদ করতে যাওয়া পরিবারের সদস্যদেরও জখম করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বা তাঁর পরিবারের বক্তব্য এখনও জানা যায়নি। পুরো ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে।


Share