BJP Suspended Three MP’s

বিতর্কিত কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদের, তিন নেতাকে সাসপেন্ড করলেন নিতিন নবীন

বিজেপির মুখপাত্র আর পি সিংহ বলেন, “সজ্জন কুমারের বাড়িতে যাওয়া ওই তিন সাংসদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিজেপির প্রতিনিধি হিসেবে তাঁরা সজ্জন কুমারের বাড়িতে যাননি।”

তিনজন সাংসদকে সাসপেন্ড করল বিজেপি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ১২:০৮

প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের বাড়িতে যাওয়ার জন্য দলের তিন সাংসদকে সাসপেন্ড করে দিল বিজেপি। ১৯৮৪ সালে শিখ নিধনের ঘটনার অভিযুক্ত ছিলেন সজ্জন কুমার। কমলাজিৎ শেহরাওয়াত, রামবীর সিংহ বিধুরি এবং যোগেন্দ্র চান্ডোলিয়া সজ্জন কুমারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শনিবার তাঁদের সাসপেন্ড করে দিয়েছেন বিজেপির সভাপতি নিতিন নবীন। কংগ্রেস সাংসদের মৃত্যুর পর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিন বিজেপি সাংসদ।

সজ্জন কুমার ১৯৮৪ সালের শিখ নিধনের ঘটনার দু’টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। গত ২০ অগাস্ট তাঁর মৃত্যু হয়েছে। বিতর্কিত প্রাক্তন কংগ্রেস সাংসদের পরিবারকে তিন বিজেপি সাংসদ সমবেদনা জানাতে যান। তা নিয়ে বিজেপির অন্দরেই বিতর্ক সৃষ্টি হয়। দলের নেতা, কর্মীরাই তিন সাংসদের এমন সিদ্ধান্ত নিয়ে সরব হন। সামনেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে। আগে প্রয়াত কংগ্রেস নেতা সজ্জন কুমারের বাড়িতে দলের তিন সাংসদের যাওয়ায় অস্বস্তি বাড়ে। এর পরই তিন সাংসদকে সাসপেন্ড করার পথে হাঁটেন বিজেপির সভাপতি নিতিন নবীন।

শুক্রবার বিজেপি নেতা এইচ এস ফুলকা দলের তিন সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। শিখ নিধনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হয়ে সক্রিয় ভাবে কাজ করা ফুলকা গত এপ্রিল মাসেই বিজেপিতে যোগ দিয়েছেন। দলের তিন সাংসদকে নিশানা করে তিনি বলেন, “গণহত্যাকারী সজ্জন কুমারের বাড়ি গিয়ে সমবেদনা জানানোর জন্য তিন সাংসদের ভূমিকার তীব্র নিন্দা করছি।”

তাঁর আরও দাবি, বিজেপি বরাবর ১৯৮৪ সালের শিখ নিধনের ঘটনায় নিহতদের পরিবারের পাশে থেকেছে। অভিযুক্তেরা যাতে ছাড়া না পায় তা নিশ্চিত করেছে। সেখানে ওই তিন সাংসদের সজ্জন কুমারের বাড়ি যাওয়ার কোনও যৌক্তিকতাই নেই। এইচ এস ফুলকা বলেন, “শিখ নিধনের ঘটনার শিকার যাঁরা, তাঁদের পরিবারকে এই সমবেদনা জানানো উচিত। কারণ এখনও ওই ঘটনার আতঙ্ক এই পরিবারগুলিকে তাড়া করে বেড়ায়। এই তিন সাংসদকেই বয়কট করা উচিত।”

বিজেপির মুখপাত্র আর পি সিংহ বলেন, “সজ্জন কুমারের বাড়িতে যাওয়া ওই তিন সাংসদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিজেপির প্রতিনিধি হিসেবে তাঁরা সজ্জন কুমারের বাড়িতে যাননি।”

উল্লেখ্য, গত ১৯৮৪ সালের হিংসায় দিল্লির রাজনগরে দু’জন শিখ ধর্মাবলম্বী ব্যক্তিকে খুন করার অভিযোগে সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়। এর পাশাপাশি শিখ নিধনের ঘটনার অন্য একটি মামলাতেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন। গত ২০ অগস্ট তাঁর মৃত্যু হয়েছে।


Share