Rekha Patra

শরীরে বিষক্রিয়া! অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে

শনিবার, ২১ নভেম্বর রাতে তিনি নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিধায়ককে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১১:২১

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার, ২১ নভেম্বর রাতে তিনি নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিধায়ককে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্রের খবর, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই রেখা পাত্র আচমকা অসুস্থ বোধ করেন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউ-তে রেখে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করেন।

প্রায় চার ঘণ্টা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। অক্সিজেন ও স্যালাইন দিয়ে অ্যাম্বুল্যান্সে করে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এ দিকে, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে রেখা পাত্রের শরীরে বিষক্রিয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষক্রিয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঠিক কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিজেপি বিধায়ক, তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

রেখা পাত্রের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর চিকিৎসার অগ্রগতি এবং অসুস্থতার প্রকৃত কারণ জানতে আপাতত হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা।


Share