BJP

বিরোধীদের আন্দোলনের পাল্টা কলকাতার রাজপথে বিজেপির শক্তি প্রদর্শন! নীতিন নবীনের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মহামিছিল, থাকছেন মুখ্যমন্ত্রীও

দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির স্লোগান ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’। মিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১২:১৪

বিরোধীদের আন্দোলনের পাল্টা কলকাতার রাজপথে শক্তি প্রদর্শনে নামছে বিজেপি। সোমবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির স্লোগান ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’। মিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। বিজেপি সূত্রে খবর, কয়েক হাজার কর্মী-সমর্থক এই মহামিছিলে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ বিশেষ বিমানে কলকাতায় পৌঁছোনোর কথা নীতিন নবীনের। এরপর বিকেলে কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলায় পৌঁছোবে মিছিলটি। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন নীতিন নবীন, শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মহামিছিল ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। রবিবার রাতে কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে সরেজমিনে হাজির হন রাজ্য ও জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অমিতাভ চক্রবর্তী, তমোঘ্ন ঘোষ-সহ অন্যান্য পদ্ম নেতৃত্ব।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধী শিবির। ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছে ইন্ডিয়া জোটও। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পরের দিনই কলকাতার রাজপথে বিজেপির এই মহামিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে।

বিরোধীদের আন্দোলনকে গণতান্ত্রিক প্রতিবাদের বদলে অরাজকতা তৈরির চেষ্টা বলে কটাক্ষ করছে বিজেপি। সেই অভিযোগকে সামনে রেখেই পাল্টা রাজনৈতিক কর্মসূচিতে নেমেছে পদ্ম শিবির। গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এবং শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একই স্লোগানকে সামনে রেখে সভা করে বিজেপি। দু'টি সভাতেই প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ বার কলকাতার বুকে সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে মহামিছিল ও সমাবেশের আয়োজন করে নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শনে মরিয়া বিজেপি। বিরোধীদের আন্দোলনের পাল্টা ধর্মতলার মঞ্চ থেকে দলের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।


Share    

BJP