Shoot Out

গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার সকালে ত্রিলোকেশ এলাকায় বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে করে দুই দুষ্কৃতী এসে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরই বাইক নিয়ে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা।

বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি
নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৩:২৬

বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চলল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার সকালে ত্রিলোকেশ এলাকায় বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে করে দুই দুষ্কৃতী এসে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরই বাইক নিয়ে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের কাছ থেকেই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশই রক্তাক্ত অবস্থায় ত্রিলোকেশকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ঠিক কী কারণে ত্রিলোকেশের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য সব দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

অন্যদিকে, এই হামলার নেপথ্যে ত্রিলোকেশের পরিবার রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তাঁর ছেলে ত্রিদীপ ঢালি বলেন, ‘আসন্ন নির্বাচনে বাবার বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণেই রাজ্যের শাসক দলের মদতে দুষ্কৃতীরা বাবাকে খুনের চেষ্টা করেছে।’

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, ‘বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে যে কোনও কিছুতেই তৃণমূলকে দোষ দেওয়া। এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দেরই ফল। আমরাও পুলিশকে বলেছি মূল অভিযুক্তকে খুঁজে যথাযথ শাস্তি দেওয়ার জন্য।’


Share