BJP Leader

পুরসভার ভুয়ো কর্মী পরিচয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে জীবনতলা থেকে গ্রেফতার অভিযুক্ত

সেই সম্পত্তির গত ৫ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত পুরসভার সম্পত্তি বাবদ কর এবং মিউটেশন বাবদ চার লক্ষ টাকা ৩০ হাজার টাকা প্রণব কয়াল এবং শামসুদ্দিন জমাদার নামে দুই ব‍্যক্তিকে দেন।

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১০:০১

কলকাতা পুরসভার কর্মী পরিচয়ে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি নেত্রী বৈশালীর অভিযোগের ভিত্তিতে এক ব‍্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হয়েছে।

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার দাবি, বেহালায় বি এল সাহা রোডে একটি সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির গত ৫ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত পুরসভার সম্পত্তি বাবদ কর এবং মিউটেশন বাবদ চার লক্ষ টাকা ৩০ হাজার টাকা প্রণব কয়াল এবং শামসুদ্দিন জমাদার নামে দুই ব‍্যক্তিকে দেন।

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার দাবি, সম্পত্তির কর এবং মিউটেশন করার টাকা জমা করার পুরসভার চালান দেখানো হয়। সেই চালানটি দেখে সন্দেহ হতেই তিনি পুরসভার ভূমি এবং ভূমি রাজস্ব, পূনর্বাসন বিভাগের ওয়েবসাইট খতিয়ে দেখার পরে জানতে পারেন তাতে মাত্র ১০০ টাকা জমা পড়েছে। বাকি টাকা জমা পড়েনি। প্রণব কয়ালের কাছ থেকে টাকা ফেরত চান বিজেপি নেত্রী বৈশালী। কিন্তু অভিযোগ, ৬৫ হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দেননি।

পরবর্তীতে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া শেক্সপিয়র সরণি থানায় প্রণব কয়াল এবং শামসুদ্দিন জমাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ধোয়াঘাটা বাজার এলাকা থেকে শামসুদ্দিন জমাদার নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রণব কয়ালের খোঁজ চালাচ্ছে পুলিশ।


Share