Political Chaos

মালদহের হরিশ্চন্দ্রপুরে বিজেপি নেতার ওপর হামলা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রূপেশ আগরওয়াল

বিজেপির অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের কর্মী-সমর্থকদের দলে যোগদান ঠেকানোর কারণেই রূপেশের উপর হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

আক্রান্ত বিজেপি নেতা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০১:৪৩

মালদহের হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল। বৃহস্পতিবার রাতে তাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বিজেপির অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের কর্মী-সমর্থকদের দলে যোগদান ঠেকানোর কারণেই রূপেশের উপর হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বলেন, ‘বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে বন্ধু-বান্ধবদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন রূপেশ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী পিছন দিক থেকে এসে তাঁর উপর হামলা চালায়। তাকে দোকান থেকে টেনে রাস্তায় এনে মারধর করা হয়। চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রূপেশের ঘনিষ্ঠদের দাবি, হামলায় জড়িতদের মধ্যে কয়েকজন সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের দলে নেওয়া নিয়ে রূপেশের আপত্তি ছিল বলেও দাবি করা হয়েছে। সেই কারণেই এই হামলা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

এ ছাড়াও বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি মনোজ দাসের বিরুদ্ধেও পরোক্ষে অভিযোগ তুলেছেন রূপেশের অনুগামীরা। তাদের দাবি, অতীতে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দলে প্রবেশে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার নেপথ্যেও তাঁর ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শুরু হয়েছে টহলদারি।


Share