Koyel Mullick

‘এখন কলকাতা’ খবরেই সিলমোহর, বিজেপির টিকিটেই রাজ‍্যসভায় যাচ্ছেন কোয়েল, দলে যোগ দেওয়ার আগেই প্রার্থী ঘোষণা

কোয়েলের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর অন্তর্বর্তী নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০২:৪৯

‘এখন কলকাতা’-র খবরেই সিলমোহর। বিজেপির টিকিটে রাজ‍্যসভায় যাচ্ছেন তৃণমূলত‍্যাগী প্রাক্তন সাংসদ তথা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার দুপুরে কোয়েলের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে বিজেপি। বিজেপিতে যোগ দেওয়ার আগেই তাঁর নাম ঘোষণা করা হয়েছে। আগামীকাল, সোমবার সকালে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। সূত্রের খবর, তার পরেই মনোনয়নপত্র জমা দেবেন।

বিধানসভা ভোটের পরে তৃণমূল ভেঙেছে। এই ভাঙনপর্বের মাঝেই গত ১৬ জুলাই দেশের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সাংসদপদ থেকে ইস্তফা দেন কোয়েল। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে যান। কোয়েলের ছেড়ে যাওয়া আসনের জন‍্য একাধিক পুরোনো বরিষ্ঠ বিজেপি নেতাদের নাম জল্পনায় ছিল। কিন্তু তাতে কার্যত জল ঢেলে কোয়েলের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলত‍্যাগী অভিনেত্রীকে আবার পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপির সংসদীয় বোর্ড।

তবে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার আগে কোয়েলের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, কোয়েল সোমবার সকালে মুরলিধর সেন লেনের কার্যালয় থেকে দলীয় পতাকা হাতে তুলে নিতে পারেন। সেই মর্মে আগামীকাল সকাল পৌনে ১০টা নাগাদ সাংবাদিক সম্মেলন ডেকেছে বিজেপি। রাজ‍্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রি সাংবাদিক বৈঠক করবেন। আগামী ৬ অক্টোবর কোয়েল বিধানসভায় গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, কোয়েলের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন।

গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েলের নাম ঘোষণা করেছিল। তাঁর সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। মার্চে সেই রাজ্যসভা নির্বাচন হয়। তার পর থেকেই কোয়েল সাংসদ ছিলেন। তবে সাংসদ হওয়ার পর এক বারও সংসদের অধিবেশনে যোগ দিতে দেখা যায়নি তাঁকে। চলতি বছরের বাদল অধিবেশনই হতে পারত কোয়েলের প্রথম সংসদীয় অধিবেশন। কিন্তু তার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি।

কোয়েলের আগে আরও তিন জন— সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। পরে তিন জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পর গত ৯ জুলাই সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ বিজেপিতে যোগ দিয়েছিলেন। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তিন জনকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি।

কোয়েলের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর অন্তর্বর্তী নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। কোয়েলের আসনে অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে।


Share