TMC Leader

অস্ত্র মামলায় হেফাজতে, আচমকাই অসুস্থ বিশ্বজিৎ দাস! বনগাঁ হাসপাতাল থেকে কলকাতায় রেফার

রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে প্রথমে বনগাঁর জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি পর্যালোচনার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

হেফাজতে থাকাকালীন অসুস্থ বিশ্বজিত দাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৪:৩০

পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে প্রথমে বনগাঁর জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি পর্যালোচনার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

হাসপাতালে যাওয়ার পথে বিশ্বজিৎ বলেন, ‘‘চেস্ট পেন হচ্ছে। শরীর খুব উইক।’’ বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(এ) ও ২৭ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ২৬২ ধারায় মামলা হয়েছে। ওই মামলায় আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। আগামী ৬ অক্টোবর তাঁকে ফের আদালতে হাজির করানোর কথা।

বনগাঁ উত্তরের দু’বারের বিধায়ক বিশ্বজিৎ ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে ফের তৃণমূলে ফিরে আসেন। ২০২৪ সালের লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। ভোটের ফল ঘোষণার পর ঋতব্রত শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়।


Share