Special Intensive Rivision

ভোটার তালিকায় বড় বদল! রাজ্যে মোট বাদ ৬৩ লক্ষের বেশি নাম, বিচারাধীন এখনও ৬০ লক্ষ ভোটার

মালদহে নতুন প্রকাশিত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। এই জেলায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে দু'লক্ষ ২০ হাজার ১৫৩ জন। বিচারাধীন অবস্থায় নাম রয়েছে আট লক্ষ ২৮ হাজার ৮৭৩ জনের। যার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল দু'লক্ষ এক হাজার ৮৭৩ জন ভোটারের নাম। নতুন করে বাদ গেল আঠারো হাজার ২৮০ জনের নাম।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১

শনিবার প্রকাশিত হল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। বেলা ১২টা থেকে প্রকাশিত হতে শুরু করেছিল ওই তালিকা। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল পাঁচ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।

খসড়া তালিকায় সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। তবে শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে সাত কোটি চার লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ছ'হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।

মালদহে নতুন প্রকাশিত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। এই জেলায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে দু'লক্ষ ২০ হাজার ১৫৩ জন। বিচারাধীন অবস্থায় নাম রয়েছে আট লক্ষ ২৮ হাজার ৮৭৩ জনের। যার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল দু'লক্ষ এক হাজার  ৮৭৩ জন ভোটারের নাম। নতুন করে বাদ গেল আঠারো হাজার ২৮০ জনের নাম। উল্লেখ্য, মালদহ জেলায় শুনানির নোটিশ পেয়েছিলেন ১০ লক্ষ ৩০০০ ভোটার। এরমধ্যে প্রায় সাড়ে ছয় হাজার ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, গাজোলে বাদের তালিকায় পাঁচ হাজার ২৬৩। চাঁচোলে ৪৯৮ জনের নাম বাদ পড়েছে। হরিশ্চন্দ্রপুরে ৬০৩ জনের নাম বাদের তালিকায় রয়েছে। মালতিপুরে ২২৬ জনের নাম বাদ পড়েছে। রতুয়ায় ২৫২ জন ও মানিকচকে ৬৯৪ জন ভোটারের নাম বাদ পড়েছে। মালদহে ৪ হাজার ৫৩ জনের বাদের তালিকায় রয়েছে। ইংলিশবাজারে এই বাদের সংখ্যা এক হাজার ৪১৫। মোথাবাড়ি ৩১৫ ও সুজাপুরে এই সংখ্যা মাত্র ৬৮। বৈষ্ণবগড়ে বাদের সংখ্যা ৮৪৬।  


Share