BJP-TMC Clash

ব্রিগেডের আগে গিরিশ পার্কে রণক্ষেত্র, শশী পাঁজার বাড়িতে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত তমোঘ্ন ঘোষ, ওসি-সহ বহুজন

শশী পাঁজা বলেন, ‘‘বিজেপির গুন্ডারা এ সব করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোমা। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে।’’

উত্তপ্ত গিরিশ পার্ক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৩:৫৪

ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভার আগে উত্তাল গিরিশ পার্ক। তৃণমূল-বিজেপির গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র হয়ে ওঠে গিরিশ পার্ক এলাকা। এই হামলার অভিযোগ উঠছে বিজেপি বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার বাড়িতে এই হামলা করা হয়। মন্ত্রীর বাড়ির অফিসের দরজা-জানলা ভাঙচুর করা হয়েছে। অফিসের জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা কোনও প্ররোচনা ছাড়াই এই হামলা করেছে। ব্রিগেডে যাওয়ার পথে বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।  ইটবৃষ্টি, মারপিট, সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক। এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর।

বিজেপি জানিয়েছে, দলের উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। তমোঘ্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গিরিশ পার্কে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। অন্যদিকে, গিরিশ পার্কে তৃণমূল কর্মীদের একাংশ জানিয়েছেন, সেই সভায় যোগ দিতে যাওয়ার সময়ে একদল বিজেপি কর্মী শশীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। শশী পাঁজা বলেন, ‘‘বিজেপির গুন্ডারা এ সব করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোমা। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে।’’

শশী পাঁজা জানান, গিরিশ পার্কে তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার, ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নেমে এসে সে সব পোস্টার ছিঁড়ে দেন। তার পরে বাসে উঠে যান। অভিযোগ, এর পরেই ফের তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা মারধর শুরু করেন। তাঁর কথায়, ‘‘এরা খুনও করতে পারে। এরা গুন্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন!’’


Share