Ayushman Bharat

রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত, মিলবে ১৯৫০টি রোগের চিকিৎসা, ওষুধের দামেও মিলবে ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রবিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক ভাবে এই রাজ‍্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। এই অনুষ্ঠানে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১২:৩৮

রাজ‍্যে অবশেষে চালু হল ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। এই প্রকল্পে এক হাজার ৯৫০টি রোগের চিকিৎসা মিলবে। হাঁটুর প্রতিস্থাপন করার চিকিৎসাও এই প্রকল্পের পাওয়া যাবে। স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগে এই চিকিৎসা সাময়িক ভাবে তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারি হাসপাতালে ‘অমৃত ফার্মাসি’ তৈরি করবে রাজ্য সরকার। সেখান থেকে বিপুল ছাড়ে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম রোগীর জন্য মানুষ কিনতে পারবে।

রবিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক ভাবে এই রাজ‍্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। এই অনুষ্ঠানে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। তবে কেন্দ্রীয় স্বাস্থ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না তাঁদের জন‍্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে সুলভমূল‍্যে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম বিক্রয়কেন্দ্র চালু করতে রাজ‍্য সপ‍্যরকার উদ‍্যোগী হয়েছে। মোট ১০টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে ‘অমৃত ফার্মেসি’। এই দোকান থেকে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যাবে। তার জন‍্য ‘হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড’-এর সঙ্গে মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকার।

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার রাজ‍্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল। সেই কার্ডে বেসরকারি হাসপাতালে বেড পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হত। এই নিয়ে ভুরিভুরি অভিযোগ উঠেছিল। ভিনরাজ‍্যেও এই কার্ডের সুবিধা পাওয়া যেত না বলে অভিযোগ ছিল। পালাবদলের পরে কেন্দ্র ও রাজ্যের জোড়া স্বাস্থ্যবিমা প্রকল্প এ রাজ্যেও চালু হয়ে গেল। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে এক কোটি ৪৩ লক্ষ পরিবার উপকৃত হবে। অর্থাৎ ছ’কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। ৭০ বছরের উর্ধ্বে সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি ৮০ লক্ষ মানুষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। সারা ভারতে ৩৮ হাজার ৬০৮টি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

নতুন দুই প্রকল্পেরই হাঁটুর প্রতিস্থাপনের সুবিধা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় হাঁটু প্রতিস্থাপনের সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথী প্রকল্প চালুর প্রথমের দিকে হাঁটু প্রতিস্থাপনের পরিষেবা পাওয়া যেত। অভিযোগ, সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকেরা নিজের বিভাগে না থেকে নার্সিংহোমে গিয়ে এই হাঁটুর প্রতিস্থাপন করতেন। ফলে স্বাস্থ্য ভবন হাঁটু প্রতিস্থাপন করার বিল দেখে চোখ কপালে ওঠে। তার পরেই তা বন্ধ করে দেওয়া হয়। পরে শর্তসাপেক্ষে তা চালু হলেও এ বার তা পুরোদমে দু’টি প্রকল্পের মাধ্যমে চালু হয়ে গেল।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পে এক হাজার ৭০০টি রোগের চিকিৎসার পরিষেবা পাওয়া যেত। এখন এক হাজার ৯০০চি রোগের চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। পাশাপাশি ‘হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড’-এর সঙ্গে রাজ্য সরকার গাঁটছড়া বেঁধেছে। এই মউয়ের মাধ্যমে ১০০টি সরকারি হাসপাতালে ‘অমৃত ফার্মাসি’ তৈরি করা হবে। আপাতত ১০টি সরকারি হাসপাতালে এই ‘অমৃত ফার্মেসি’ তৈরি করা হবে। এই দোকান থেকে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ কেনা যাবে। এই দোকান থেকে ক‍্যানসার, হৃদরোগের ওষুধও পাওয়া যাবে। পাশাপাশি, স্টেন্ট, পেসমেকার-সহ একাধিক চিকিৎসার সরঞ্জাম কম দামে মিলবে। এমন ওষুধের দোকান অনেক রাজ্যেই চালু হয়েছে। এ বার তা এই রাজ্যেও চালু হতে চলেছে। 


Share