Narendra Modi

‘বিজেপি ক্ষমতায় আসতেই টেন্ট ফাঁকা, সবাই পালিয়েছে’, তারকেশ্বরের সভা থেকে তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে টেন্ট থেকে সবাই পালিয়ে গিয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০২:২৮

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিনটিকে উদযাপন করার জন্য তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছিল। সেই সভাতে বক্তৃতা করতে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। যাঁরা এতদিন নানা স্বার্থে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের অনেকেই এখন সরে গিয়েছেন। দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।

ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে টেন্ট থেকে সবাই পালিয়ে গিয়েছে।” প্রধানমন্ত্রী মোদীর দাবি, নতুন সরকারের আমলে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। আর এর কারণেই বহু সুবিধাভোগী গোষ্ঠী এখন অস্বস্তিতে পড়ে গিয়েছে।

এ দিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, পশ্চিমবঙ্গ এখন উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন পথে এগোচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে একাধিক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিক গুরুত্বের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ক্ষমতায় পালাবদলের পরে রাজ‍্যের একাধিক কাউন্সিল গ্রেফতার হয়েছেন। তোলাবাজি এবং জমি দখলের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, উজ্জ্বল বিশ্বাসও। প্রায় প্রতিটি এলাকায় স্বতঃস্ফূর্ত জনরোষের মুখে পড়েছেন তৃণমূলের নেতারা। এমনকী, তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিক বার জনরোষের মুখে পড়েছেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য। অন্য দিকে বিজেপি শিবিরের বক্তব্য, রাজ্যের পরিবর্তনের বাস্তব চিত্রই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

তারকেশ্বরের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ কেন্দ্র ও রাজ্যের একাধিক মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকরা। সভায় বিপুল সংখ্যক মানুষের সমাগমও দেখা যায়। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


Share