TMC Leader Arrest

গুলি-বোমাবাজির অভিযোগে ‘বড়ে’ গ্রেফতার, মুম্বইয়ে আত্মগোপন, ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হল তৃণমূল নেতাকে

কয়েক দিন আগেই মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তাঁদের গ্রেফতার করেছিল। রবিবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৬:৫৮

ভোট-পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে বড়ে-সহ তিন অভিযুক্তকে শনিবার রাতে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হল। কয়েক দিন আগেই মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তাঁদের গ্রেফতার করেছিল। রবিবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা, অস্ত্র আইন-সমেত একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃত অন্য দুই জন হলেন জামিল আখতার এবং আফতাব আনোয়ার। তিন জনই হাওড়ার বাসিন্দা।

গত ৭ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিবপুরের চওড়াবস্তি এলাকায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, সেই সময় বড়ে ও তাঁর অনুগামীরা এলাকায় ব্যাপক গুলি ও বোমাবাজি চালায়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বড়ে। তাঁর স্ত্রী শামিমা বানু তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। অশান্তির পর থেকেই তল্লাশি শুরু করে শিবপুর থানার পুলিশ।

তদন্তে নেমে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট-৬-এর ইনচার্জ ভরত ঘোণে গোপন সূত্রে খবর পান যে, অভিযুক্তরা মুম্বইয়ের দেওনার এলাকার একতা এসআরএ বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে আত্মগোপন করে রয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই বিল্ডিংয়ের ৮০৭ নম্বর ঘর থেকে তিন জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথাও স্বীকার করেছে।


Share