Abhishek Banarjee

চিকিৎসার জন‍্য বিদেশে যাওয়ার আগেই অভিষেকের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ, হাই কোর্টে দায়ের হল মামলা, বুধবার মামলার শুনানি

ওই ধারা অনুযায়ী, পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০১:৩০

বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার আগেই ব‍্যক্তিগত ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ উঠেছে। তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

অভিযোগ, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করাতে বিদেশে যাবেন। তার আগেই তাঁর ব‍্যক্তিগত অ‍্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা প্রয়োগ ছাড়াই এই পদক্ষেপ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী, পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য।

বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, অভিষেকের বিরুদ্ধে কোনও মামলা চলছে কি না। তার উত্তরে আইনজীবী অয়ন জানান, অভিষেকের বিরুদ্ধে যে মামলা রয়েছে তাতে তাঁর মক্কেল পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন। এর সঙ্গে ব‍্যক্তিগত ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের কোনও সম্পর্ক নেই। এর পরেই বিচারপতি রাও মামলা দায়ের করতে অনুমতি দেন। এই মামলার সঙ্গে অন‍্য পক্ষকে যুক্ত করতে নির্দেশ দেন। আগামী বুধবার এই মামলাটি শুনানির জন্য ধার্য করা হয়েছে।

গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়ার জন‍্য অনুমতি দেয়। আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁকে বিদেশে যাওয়ার জন‍্য অনুমতি দেওয়া হয়। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তার আগে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে এই আবেদন খারিজ হয়ে যায়। গত ৭ অগস্ট রাতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।


Share