Abhishek Banarjee

ডিজে’ মন্তব্যে অভিষেককে ফের তলব, ৮ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ

তিনি বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” নির্বাচনের প্রাক্কালে এমন মন্তব্য করে থাকলেও নির্বাচনের পরবর্তী সময়ে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ উঠে উস্কানিমূলক মন্তব্যের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০২:৪৮

‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ফের তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার বিধাননগর আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি যাননি। এর মধ্যেই হাই কোর্ট থেকেও স্বস্তি মেলেনি। এই পরিস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আগামী বুধবার, ৮ জুলাই সকাল ১০টায় বিধাননগর আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। সেখানেই তাঁর ভয়েস স্যাম্পল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হবে।

২৬-এর বিধানসভা ভোটের প্রচারের সময় ‘ডিজে বাজানো’ নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক। ভোটের ফলাফল বেরোনোর পর 'ডিজে বাজাবে' এমন মন্তব্যও করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” নির্বাচনের প্রাক্কালে এমন মন্তব্য করে থাকলেও নির্বাচনের পরবর্তী সময়ে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ উঠে উস্কানিমূলক মন্তব্যের। প্রথমে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পরে সিআইডি ওই মামলার তদন্ত শুরু করে।

‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। এ বিষয়ে বিধাননগর আদালতের অনুমতিও মিলেছে। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর দাবি, সংশ্লিষ্ট অডিয়োতে থাকা কণ্ঠস্বর যে তাঁরই, তা তিনি কখনও অস্বীকার করেননি। তাই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

উল্লেখ্য, বিধাননগর আদালতের নির্দেশ অনুযায়ী, গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল। সেই প্রক্রিয়ার জন্য সিআইডি আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞরাও প্রস্তুত ছিলেন বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত অভিষেক আদালতে হাজির হননি। মঙ্গলবার হাই কোর্টেও তাঁর কণ্ঠস্বর মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘তদন্তে কোনটা প্রয়োজন, আর কোনটা নয়, সেটা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত।’’ অভিষেকের মামলার শুনানির মাঝপর্যায়েই তিনি তা ছেড়ে দেন।

এ পরিস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি পাঠিয়েছেন সাংসদের আইনজীবীরা। পাশাপাশি, মামলাটির শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস নির্ধারণেরও আর্জি জানানো হয়েছে।


Share