Calcutta High Court

জেড প্লাস থেকে এক্স ক্যাটেগরি, অভিষেকের নিরাপত্তা কমানোয় রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের, রায় স্থগিত

এই সংক্রান্ত শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গের নিরাপত্তা পর্যালোচনা এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া একাধিক হামলার অভিযোগ নিয়ে হাই কোর্ট প্রশাসনের ভূমিকায় একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৩:৫৪

নিরাপত্তা বলয় জেড প্লাস থেকে কমিয়ে এক্স ক্যাটেগরিতে নামিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন। এই সংক্রান্ত মামলার দীর্ঘ সওয়াল শোনার পর কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও অবশেষে রায়দান স্থগিত রেখেছেন। এই সংক্রান্ত শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গের নিরাপত্তা পর্যালোচনা এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া একাধিক হামলার অভিযোগ নিয়ে হাই কোর্ট প্রশাসনের ভূমিকায় একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছে।  

মামলার শুনানির শুরুতে বিচারপতি কৃষ্ণা রাও মূল বিষয়টি জানতে চান। জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, গত ৯ মে রাজ্যে নতুন সরকার শপথ নেওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ ১০ মে তাঁর মক্কেলের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। আইনজীবীর দাবি, ২০১৩ সাল থেকে অভিষেক হুমকির আশঙ্কায় জেড প্লাস নিরাপত্তা পেয়ে এসেছিলেন। অথচ কোনোও নিরাপত্তা পর্যালোচনা কমিটি গঠন না করেই এবং নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে অন্তর্বর্তী ব্যবস্থার নামে তাঁর নিরাপত্তা সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা কমানোর সিদ্ধান্তের সরাসরি যোগসূত্র রয়েছে বলেও তিনি আদালতে অভিযোগ করেন। পাশাপাশি আইনজীবীর দাবি, নিরাপত্তা কমিয়ে দেওয়ার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের উপর অন্তত ছ'বার হামলার ঘটনা ঘটেছে।

অভিষেকের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত রাজ্যের কাছে তিনটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চায়। রাজ্যের জমা দেওয়া নথি খতিয়ে দেখে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, নথি অনুযায়ী ১২ মে নিরাপত্তা কমানোর সুপারিশ করা হয়েছিল এবং ২৯ মে নিরাপত্তা পর্যালোচনা হয়েছে। তাহলে ঠিক কোন তারিখে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছিল? জবাবে রাজ্যের আইনজীবী জানান, ১২ মে-ই নিরাপত্তা কমানো হয়েছিল। পুজোর ছুটির মধ্যে মামলাকারী ফের আবেদন জানানোর পর সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তৃপক্ষ নতুন করে নিরাপত্তা পর্যালোচনা করে। রাজ্যের তরফে আরও জানানো হয়, নিয়ম অনুযায়ী প্রতি ছ'মাস অন্তর নিরাপত্তা পর্যালোচনা করা হয়। অভিষেকের ক্ষেত্রে ২০২৪ সালে শেষ পর্যালোচনা হয়েছিল।

তবে আদালত রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, মে মাসের পর যে হামলার ঘটনাগুলি ঘটেছে এবং মামলাকারী নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন, সেই ঘটনাগুলি বিবেচনায় রেখে রাজ্যের কাছে কী রিপোর্ট রয়েছে। পাশাপাশি তাঁর কোনও নিরাপত্তাজনিত হুমকি নেই বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সপক্ষে মূল রিপোর্টটি কোথায় তাও জানতে চায় আদালত। এর জবাবে রাজ্যের আইনজীবী সওয়াল করেন যে, জেড প্লাস নিরাপত্তা সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের মতো নির্দিষ্ট পদাধিকারীদের দেওয়া হয় এবং কলকাতা পুলিশের কাছ থেকে কোনও নির্দিষ্ট হুমকির রিপোর্ট না পাওয়ায় তাঁকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।  

শুনানির শেষে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ১২ মে নতুন সরকার ক্ষমতায় আসার পরই নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। অথচ তার পরেও একের পর এক হামলার যে অভিযোগ উঠেছে, তা রাজ্যও অস্বীকার করছে না। তাহলে সেই ঘটনাগুলি কেন বিবেচনার বাইরে রাখা হচ্ছে, তা নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন। তাঁর পর্যবেক্ষণ, নিরাপত্তা প্রত্যাহার বা কমিয়ে দেওয়ার পর পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপত্তা পাওয়ার যোগ্য হলে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত মামলার রায়দান স্থগিত রেখেছে।


Share