A Case Filled Against Abhishek Banarjee

৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ, তার আগেই সুপ্রিম কোর্টে ছুটল রাজ্য! হাই কোর্টের নির্দেশ খারিজের আর্জি নবান্নের

শনিবার শীর্ষ আদালতে এই মর্মে মামলা দায়ের করেছে নবান্ন। দীপাবলির ছুটির পর আদালত খুললে মামলাটির শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০১:২৪

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক মামলায় কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। শনিবার শীর্ষ আদালতে নবান্ন এই মর্মে মামলা দায়ের করেছে। দীপাবলির ছুটির পর আদালত খুললে মামলাটির শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ রয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার ২৩ দিন আগেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। ফলে এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

হাই কোর্টে অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার জোরালো বিরোধিতা করেছিল। রাজ্যের বক্তব্য ছিল, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পৃথক পৃথক ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অথচ সংশ্লিষ্ট মামলাগুলিতে তিনি আগাম জামিনের আবেদন করেননি। সেক্ষেত্রে তাঁকে কেন রক্ষাকবচ দেওয়া হবে, রাজ্য সেই প্রশ্ন তুলেছিল।

তবে হাই কোর্ট রাজ্যের সেই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দক্ষিণ ২৪ পরগনার একাধিক থানায় অভিষেকের বিরুদ্ধে যে এফআইআরগুলি দায়ের হয়েছে, সেগুলিতে তাঁর সরাসরি যোগ থাকার কোনও উল্লেখ নেই। রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা প্রকাশ করেই হাই কোর্টের ডায়মন্ড হারবারের সাংসদ দ্বারস্থ হয়েছিলেন।

এ বার সেই নির্দেশের বিরুদ্ধেই রাজ্য শীর্ষ আদালতে আবেদন জানাল। হাই কোর্টের নির্দেশ খারিজ করে অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে নবান্নের তরফে।

যদিও রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি হাই কোর্ট অভিষেকের জন্য কয়েকটি শর্তও বেঁধে দিয়েছিল। তদন্তে তাকে পুলিশকে সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ সফরেও যেতে পারবেন না। আগামী ২৩ নভেম্বর মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা ছিল। তার আগেই রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়া ঘিরে নতুন করে আইনি ও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।


Share