Abhishek Banarjee

‘মিডিয়া ট্রায়াল’ বন্ধে সুপ্রিম কোর্টে ছুটেছিলেন অভিষেক, সরাসরি হস্তক্ষেপ নয় শীর্ষ আদালতের! মামলা ফেরত হাই কোর্টে, মিলবে কি অন্তর্বর্তী সুরক্ষা?

দুর্গাপুজোর ছুটি শেষ হলেই মামলাটির দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন কোনও সুরক্ষা বা স্বস্তি পাবেন কি না, সেই সিদ্ধান্তও নিতে হবে হাই কোর্টকেই।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৫৪

মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মামলায় সরাসরি হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বরং মামলাটি ফের কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্গাপুজোর ছুটি শেষ হলেই মামলাটির দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন কোনও সুরক্ষা বা স্বস্তি পাবেন কি না, সেই সিদ্ধান্তও নিতে হবে হাই কোর্টকেই।

পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি-সহ একাধিক ইস্যুতে তাঁকে নিশানা করে ধারাবাহিক ভাবে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। এই অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আইনজীবীর দাবি, তিন বার শুনানির জন্য মামলাটি উল্লেখ করা হলেও তা শোনা হয়নি। দ্রুত আইনি প্রতিকার পেতেই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। যদিও সেখান থেকেও সরাসরি কোনও নির্দেশ বা সুরক্ষা না মেলায় এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে তাঁকে থাকতে হচ্ছে।

অভিষেকের আইনজীবীর অভিযোগ, তদন্তকারী সংস্থার একাংশের তরফে গোপন নথি এবং জিজ্ঞাসাবাদ সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তাঁর মক্কেলের বিরুদ্ধে একতরফা প্রচার চালানো হচ্ছে বলেও দাবি। এর ফলে ব্যক্তিগত অধিকার ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে এ ধরনের প্রচার নিরপেক্ষ তদন্তের প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে বলে আদালতে সওয়াল করেন অভিষেকের আইনজীবী।

প্রথমে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই আবেদন জানিয়েছিলেন অভিষেক। তবে নির্দিষ্ট বেঞ্চে মামলাটি উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো পরে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য তোলা হয়। কিন্তু দুর্গাপুজোর ছুটির মধ্যে শুনানি সম্ভব নয় বলে জানানো হয়। এরপরই দ্রুত শুনানির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক। তবে শীর্ষ আদালতও মামলার নিষ্পত্তির দায়িত্ব কলকাতা হাই কোর্টের উপরেই ছেড়ে দিয়েছে। ফলে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধে অভিষেকের আর্জিতে হাইকোর্ট কী পদক্ষেপ করে এবং তাঁকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হয় কি না, এখন সেটাই দেখার।


Share