Arrest TMC Leader

অভিষেক-কাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ তৃণমূল নেতা

রবিবার সকালে চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। একই মামলায় গ্রেফতার করা হয়েছে চুঁচুড়া পুরসভার ভাইস-চেয়ারম্যান পার্থ সাহা-সহ মোট ১০ জনকে।

গ্রেফতার অসিত মজুমদার
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৪:০০

হুগলির চুঁচুড়ায় পথ অবরোধকে কেন্দ্র করে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। রবিবার সকালে চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। একই মামলায় গ্রেফতার করা হয়েছে চুঁচুড়া পুরসভার ভাইস-চেয়ারম্যান পার্থ সাহা-সহ মোট ১০ জনকে। ধৃতদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার হুগলির পিপুলপাতি এলাকায় তৃণমূলের ডাকা একটি প্রতিবাদ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশকে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে এই গ্রেফতারি অভিযান চালানো হয়।

উল্লেখ্য, শনিবার সোনারপুরে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম, জুতো এবং ইটের টুকরো ছোড়া হয়। বিক্ষোভকারীরা ‘চোর, চোর’ স্লোগানও দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিষেকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।

সেই ঘটনার প্রতিবাদে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পিপুলপাতি এলাকায় পথ অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়। অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরে পুলিশ অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস-চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ ১০ জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


Share