Meta

শিশু নিগ্রহের কন্টেন্টে ‘জিরো টলারেন্স’, মেটার সঙ্গে হাত মিলিয়ে সমাজমাধ্যমে নজরদারি বাড়াচ্ছে কেন্দ্র

মঙ্গলবার কেন্দ্রের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মেটা পরিচালিত কোনও সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে শিশু নির্যাতন বা নিগ্রহ সংক্রান্ত কোনও কন্টেন্টের সন্ধান মিললে তা দ্রুত দেশের তদন্তকারী সংস্থাকে জানানো হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫

শিশুদের জন্য সমাজমাধ্যম প্ল্যাটফর্মের ব্যবহার আরও নিরাপদ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগে এ বার সরকারের পাশে দাঁড়াল মেটা। মঙ্গলবার কেন্দ্রের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মেটা পরিচালিত কোনও সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে শিশু নির্যাতন বা নিগ্রহ সংক্রান্ত কোনও কন্টেন্টের সন্ধান মিললে তা দ্রুত দেশের তদন্তকারী সংস্থাকে জানানো হবে।

কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই উদ্যোগকে সমর্থন জানিয়ে মেটাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মেটার অধীনে থাকা কোনও প্ল্যাটফর্মে শিশুদের উপর নির্যাতন, অত্যাচার বা নিগ্রহ সংক্রান্ত কন্টেন্ট নজরে এলে দ্রুত তা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট করা হবে। কেন্দ্রের দাবি, সমাজমাধ্যমে শিশুদের সুরক্ষিত রাখতে প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ। শিশু নিগ্রহ সংক্রান্ত কন্টেন্ট চিহ্নিত করে দ্রুত তদন্তকারী সংস্থার কাছে পৌঁছে দেওয়ার এই ব্যবস্থা সেই উদ্যোগের ‘প্রথম পদক্ষেপ’ বলেও সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে শুধু মেটার প্ল্যাটফর্মেই নজরদারি সীমাবদ্ধ রাখছে না কেন্দ্র। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশে পরিচালিত অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শিশুদের নিগ্রহ, নির্যাতন বা অত্যাচার সংক্রান্ত কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে নজরদারি চালানো হবে। কোনও প্ল্যাটফর্ম এই সংক্রান্ত নিয়ম বা নির্দেশিকা না মানলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকার স্পষ্ট করেছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, সাম্প্রতিক একটি বিতর্কের জেরেই কেন্দ্রের এই উদ্যোগ। চলতি বছরে মেটা পরিচালিত ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ওই বিজ্ঞাপনে শিশু নিগ্রহকে প্রশ্রয় দেওয়ার মতো বিষয়বস্তু ছিল। এমনকি, বিজ্ঞাপনটিতে চাইল্ড সেক্সসুয়াল এক্সপ্লোটিভ এন্ড মেটেরিয়েক প্রদর্শিত হয়েছিল বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শিশু সুরক্ষা নিয়ে নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে আসে।

মেটার তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর সমস্ত দিক খতিয়ে দেখে ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপনের প্রদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টও সাসপেন্ড করা হয়েছে। শিশু নির্যাতন বা নিগ্রহ সংক্রান্ত কোনও কন্টেন্ট প্রকাশ্যে এলে তা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনকে জানানো হয় বলেও জানিয়েছে মেটা। তবে এ বার শিশু নিগ্রহ সংক্রান্ত কন্টেন্টের মোকাবিলায় আরও কড়া ও সমন্বিত পদক্ষেপের পথে হাঁটতে চাইছে কেন্দ্র। সাম্প্রতিক উদ্যোগে সেই বার্তাই স্পষ্ট বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


Share