Rape and Murder

স্টেশনে দিব্যি চলছিল যাত্রীদের আনাগোনা, ফাঁকা ট্রেনের কামরায় চার দিন ধরে পড়ে মহিলার পচাগলা দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার যুবক

তামিলনাড়ুর নাগেরকোইল রেলস্টেশনের এই ঘটনায় তদন্তে নেমে রেল পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। অভিযোগ, একাকী ওই মহিলাকে ফাঁকা ট্রেনের কামরায় জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করে এক যুবক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০১:৪৯

রেলস্টেশনে প্রতিদিনের মতোই চলছিল যাত্রীদের ওঠানামা, রেলকর্মীদের ব্যস্ততা। অথচ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা ট্রেনের কামরার ভিতর চার দিন ধরে পড়েছিল এক মহিলার পচাগলা দেহ। তামিলনাড়ুর নাগেরকোইল রেলস্টেশনের এই ঘটনায় তদন্তে নেমে রেল পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। অভিযোগ, একাকী ওই মহিলাকে ফাঁকা ট্রেনের কামরায় জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করে এক যুবক। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর সকালে নাগেরকোইল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পিছনের কামরা থেকে বছর পঞ্চাশের এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়। দেহে পচন ধরতে শুরু করেছিল। প্রথমে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় রেল পুলিশের আধিকারিকেরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই বদলে যায় তদন্তের গতিপ্রকৃতি। জানা যায়, খুনের আগে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। এরপর ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা যুক্ত করা হয়।

ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করে তদন্তকারীরা স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। সেখান থেকেই মেলে গুরুত্বপূর্ণ সূত্র। ফুটেজে দেখা যায়, ১৪ নভেম্বর সকাল ৮টা নাগাদ চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরা থেকে সাদা ধুতি ও শার্ট পরা এক ব্যক্তিকে নামতে। সেই সূত্র ধরে তদন্তকারীরা অভিযুক্তকে চিহ্নিত করেন। ধৃতের নাম আয়াপ্পান। বয়স ৩১ বছর। তিনি তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টা নাগাদ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একা হাঁটছিলেন ওই মহিলা। সেই সময় তাঁকে জোর করে একটি ফাঁকা ট্রেনের কামরায় টেনে নিয়ে যান আয়াপ্পান। অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণের পর মারধর করে খুন করা হয়। এরপর চার দিন ধরে ওই কামরাতেই পড়ে ছিল দেহ। অবশেষে ১৮ নভেম্বর সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার পর তাঁকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনার তদন্ত চলছে।


Share