Election Commission

ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের আরও সুযোগ! এসআইআর-এর সময়সীমা বাড়াল কমিশন, মহারাষ্ট্র-হরিয়ানা-দিল্লি-সহ ৬ রাজ্যে নয়া সূচি ঘোষণা

মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি রাজ্যে আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০১:৫১

এসআইআর প্রক্রিয়ার সময়সীমা ফের বাড়াল নির্বাচন কমিশন। এই নিয়ে তৃতীয়বারের জন্য সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল ছয়টি রাজ্যে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি রাজ্যে আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে দিল্লির ক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এসআইআর প্রক্রিয়ার সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেওয়ার মাত্র দু’দিনের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে এল।

নতুন সূচি অনুযায়ী, মহারাষ্ট্রে দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত চলবে দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ। এরপর ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। উল্লেখ্য, রাজ্যটিতে গত ৩১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। অন্যদিকে, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ দিন ধার্য হয়েছে ২০ নভেম্বর। ওই দুই রাজ্যেও ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

দিল্লির ক্ষেত্রে সময়সীমায় আরও কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেখানে দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ৩০ অক্টোবর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। একইভাবে, আপত্তি নিষ্পত্তির সময়সীমাও ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। ফলে দিল্লিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২২ ডিসেম্বর।

এ দিকে, নতুন সময়সূচি সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যোগ্য কোনও ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে এবং প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ভোটাররা নিজেদের নাম যাচাই, নতুন নাম অন্তর্ভুক্তি কিংবা তথ্য সংশোধনের জন্য নির্বাচন কমিশনের ভোটারস সার্ভিস পোর্টালের সাহায্য নিতে পারবেন।


Share