Narendra Modi

ভাইরাল হওয়ার পরেই আতঙ্ক! প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করা বিক্রম সাউকে খুনের হুমকি অভিযোগ

ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘ঝালমুড়ি বিক্রেতাকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। উনি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিক্রমের দোকানে প্রধানমন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৮:০১

পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে একটি দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন। এ বার সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ খুনের হুমকি পাওয়ার অভিযোগ তুললেন। অভিযোগ, অজ্ঞাত একটি নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ফোন ও ভিডিয়ো কল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

ঘটনার পর বিক্রম ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, ‘ঝালমুড়ি বিক্রেতাকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। উনি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিক্রমের দাবি, শুধু মেসেজ নয়, তাঁকে ফোনও করা হয়েছিল। তাঁর কথায়, ‘বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ফোন এসেছিল। শুভেচ্ছা বাক্য দিয়ে কথা শুরু করে। আমি কোনও উত্তর না দেওয়ায় আমাকে বলা হলো, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই ঘটনার কথা থানায় জানানোর পরে আইসি এবং অন্য পুলিশকর্মীরা এসেছিলেন। হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজ লেখা হয়েছে, তুমি আমাদের টার্গেটে রয়েছো। তোমাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে।’

আদতে বিহারের গয়ার বাসিন্দা বিক্রম দীর্ঘদিন ধরে সপরিবারে ঝাড়গ্রামের স্টেশন পাড়ায় থাকেন। সেখানে নিজের বাড়িও তৈরি করেছেন। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও এক পুত্রসন্তান। হুমকির ঘটনায় পুরো পরিবার আতঙ্কে রয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, পরিবারের সদস্যদের আশ্বস্ত করা হয়েছে।

গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে জনসভা সেরে ফেরার পথে বিক্রমের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন বিক্রম। ভোটের ফল প্রকাশ পর্যন্ত তাঁর দোকানে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। এরই মধ্যে নতুন করে হুমকি বার্তায় ফের আতঙ্ক ছড়াল বিক্রমের পরিবারে।


Share