Two Police Officers Found Dead

টহলদারির সময় নিখোঁজ হন, কিশ্তওয়ারের জঙ্গল থেকে উদ্ধার দুই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ দেহ! জঙ্গিহানার সন্দেহ

পুলিশ সূত্রে খবর, মৃত দুই অফিসারের নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। দু’জনেই কিশ্তওয়ারের দচ্ছন থানায় কর্মরত ছিলেন। বুধবার তাঁরা দচ্ছন-মারওয়া এলাকায় সেনার সঙ্গে যৌথভাবে টহলদারি চালাচ্ছিলেন। পরে সেখান থেকে ধেরনায় অবস্থিত সেনাচৌকির উদ্দেশে রওনা দেন।

(বাঁ দিকে থেকে) রসপাল কুমার এবং ববি চন্দ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১২:৩৪

টহলদারিতে বেরিয়ে নিখোঁজ হন দুই পুলিশ আধিকারিক। বৃহস্পতিবার কিশ্তওয়ারের জঙ্গল থেকে দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। বুধবার বিকেল থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ দিন ভোরে নিখোঁজ হওয়ার জায়গা থেকে প্রায় দু’কিলোমিটার দূরে তাঁদের দেহ পুলিশ উদ্ধার করেছে। ঘটনায় ইসলামিক জঙ্গি হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনায় জম্মু-কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই অফিসারের নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। দু’জনেই কিশ্তওয়ারের দচ্ছন থানায় কর্মরত ছিলেন। বুধবার তাঁরা দচ্ছন-মারওয়া এলাকায় সেনার সঙ্গে যৌথভাবে টহলদারি চালাচ্ছিলেন। পরে সেখান থেকে ধেরনায় অবস্থিত সেনাচৌকির উদ্দেশে রওনা দেন। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই মাঝপথে নিখোঁজ হয়ে যান দুই পুলিশকর্মী। এলাকাটি মারওয়া থানার অধীন। সেই সময় ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যাও ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে আরও খবর, বুধবার বিকেলে ওই জঙ্গলে গুলির শব্দ শোনা গিয়েছিল। দুই অফিসারের কোনও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় নিরাপত্তাবাহিনীকে। এর পরই রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথবাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। আশপাশের পাহাড়ি জঙ্গলে চিরুনি তল্লাশি চালানো হয়। নিখোঁজ দুই অফিসারের মোবাইলেও একাধিক বার ফোন করা হয়েছিল। কয়েক বার রিং হওয়ার পর ফোন বন্ধ হয়ে যায় বলে সূত্রের খবর। রাতভর তল্লাশির পর বৃহস্পতিবার ভোরে তাঁদের দেহ উদ্ধার হয়। দু’জনের শরীরেই গুলির ক্ষত ছিল। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তাঁদের সঙ্গে থাকা বন্দুকও। ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য, বুধবারই কুলগামে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় বাইকে আসা জঙ্গিরা। পাল্টা গুলিচালনায় তারা পালিয়ে যায়। ওই ঘটনায় তিন জন সিআরপিএফ জওয়ান আহত হন। সেই ঘটনার নেপথ্যে পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা যোগ রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। ইসলামিক জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

সেই ঘটনার এর কয়েক ঘণ্টার মধ্যেই কিশ্তওয়ারে দুই পুলিশ অফিসারের নিখোঁজ হওয়া এবং পরে গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় দুই জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে। দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিশ্তওয়ারের ঘটনায় জঙ্গিযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।


Share