Train Derails In Assam

বেলাইন হওয়ার পরেও এক কিলোমিটার ছুটেছিল ট্রেন, ‘সিট থেকে ছিটকে পড়ি’, কলকাতা-সাইরাং এক্সপ্রেসে অভিজ্ঞতার কথা শোনালেন যাত্রীরা

লাইনচ্যুত হওয়ার পরেও প্রায় এক কিলোমিটার ছুটেছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস, দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন যাত্রী ও রেলকর্মীরা।

কলকাতা-সাইরাং এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা!
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১২:৩১

বিকট শব্দে কেঁপে উঠেছিল গোটা কামরা। মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে যায় যাত্রীদের। কেউ আসন থেকে ছিটকে পড়েন, কেউ আবার প্রাণভয়ে কামরা থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু আতঙ্কের মধ্যেও সামনে এগিয়ে চলছিল ট্রেন। দাবি, লাইনচ্যুত হওয়ার পরেও প্রায় এক কিলোমিটার পথ বেলাইন অবস্থায় ছুটেছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার অসমের দিগারু স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার এমনই অভিজ্ঞতার কথা জানালেন ট্রেনের যাত্রী এবং কর্মীরা।

বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সাইরাংগামী এক্সপ্রেসটি। প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। তার পর একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তবে ট্রেনের গতি তুলনামূলক কম থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন কর্মীরা।

সংবাদসংস্থা এএনআই-কে প্যান্ট্রিকারের ম্যানেজার জানান, গুয়াহাটি স্টেশন পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। সেখান থেকে ফের যাত্রা শুরু করার পর দিগারু স্টেশনের প্ল্যাটফর্ম পেরোতেই আচমকা বিকট শব্দ শুনতে পান তাঁরা। সেই অভিঘাতে আসন থেকে ছিটকে পড়েন তিনি। তাঁর কথায়, “আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে কামরা কেঁপে ওঠে। বুঝতে পারি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দরজা খোলার চেষ্টা করেও পারিনি। প্রায় এক কিলোমিটার এ ভাবেই চলার পর ১০ মিনিটের মধ্যে ট্রেনটি থামে।” দুর্ঘটনায় ইঞ্জিন এবং পাওয়ার কার সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছে বলেও জানান তিনি।

প্যান্ট্রিকারের কর্মী পিন্টু সরকার জানান, সকালে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ধাক্কায় কামরার ভিতরে পড়ে যান কর্মীরা। অন্য এক যাত্রীর কথায়, দুর্ঘটনার পর বাইরে বেরোনোর চেষ্টা করলেও দুই কামরার সংযোগস্থল সংকীর্ণ হয়ে যাওয়ায় উদ্ধার পাওয়া কঠিন হয়ে পড়েছিল।

এ দিকে, প্রাথমিক তদন্তের পর রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্য একটি ট্রেনকে জায়গা করে দিতে কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে লুপ লাইনে পাঠানো হয়েছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারান চালক। যদিও দুর্ঘটনার কারণ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে একটি ভিডিয়ো। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেখানে চালককে বলতে শোনা যাচ্ছে, ‘‘সিগন্যাল লাল। আপৎকালীন ব্যবস্থা কাজ করছে না। কোনও কিছুই কাজ করছে না।’’ এর কয়েক সেকেন্ডের মধ্যেই লাইনচ্যুত হয় ট্রেনটি। ফলে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন যাত্রীরা।


Share