Clash Of Two IPS Officer

অসমে ব্যক্তিগত পার্টিতে দুই আইপিএস অফিসারের মধ্যে হাতাহাতির অভিযোগ! আহত সিনিয়র পুলিশ সুপার, বিবাদ মেটাতে হস্তক্ষেপ ডিজির

মুখ‍্যমন্ত্রীর দাবি, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। যদি ঘটনাটি কর্তব্যরত অবস্থায় থাকাকালীন ঘটত, তা হলে সরকার হস্তক্ষেপ করত। সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

পুলিশ প‍্যারেড অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০৩:২৩

দুই সিনিয়র আইপিএস আধিকারিকের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠল। গত সপ্তাহান্তে অসমের কোকরাঝাড় জেলায় ঘটনাটি ঘটেছে। সেখানে গভীর রাতের আয়োজিত পার্টিকে কেন্দ্র এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে দুই সিনিয়র আইপিএস আধিকারিকের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পার্টির আয়োজক তথা জেলার সিনিয়র পুলিশ সুপার অক্ষত গর্গ।

পুলিশ সূত্রের খবর, পার্টিতে কোনও বিষয় নিয়ে মৌখিক বচসার হয়। তার পরেই অক্ষত গর্গ এবং ওয়েস্টার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ওয়াই টি গ্যাতসোর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ক্রমশ সেই বচসা সংঘর্ষের আকার নেয়। ঘটনায় সিনিয়র পুলিশ সুপার অক্ষত গর্গ একাধিক জায়গায় আঘাত পান বলে অভিযোগ।

গত সপ্তাহান্তে সারাইখোলায় অসম পুলিশের সপ্তম ব্যাটালিয়নের চত্বরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও অসম পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এই ঘটনার কথা স্বীকার করেনি। তাঁদের তরফে কোনও বিবৃতিও জারি করেনি। তবে মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন।

তবে ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, ঘটনাটি ব্যক্তিগত পার্টিতে ঘটেছে। আধিকারিকরা তখন নিজেদের ডিউটিতে ছিলেন না। বিষয়টি তাঁদের সম্পূর্ণ ব্যক্তিগত। যে হেতু তাঁরা ডিউটিতে ছিলেন না, তাই এই বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না। 

মুখ‍্যমন্ত্রীর দাবি, যদি ঘটনাটি কর্তব্যরত অবস্থায় থাকাকালীন ঘটত, তা হলে সরকার হস্তক্ষেপ করত। সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এদিকে, দুই সিনিয়র আইপিএস আধিকারিকের হাতাহাতি নিয়ে অসম পুলিশের কিছু মন্তব্য করেনি। পুলিশের সদর দফতরের তরফে এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও জারি করা হয়নি। তবে সূত্রের খবর, দুই আধিকারিকের মধ্যে বিবাদ মেটাতে উদ্যোগী হয়েছে। এই দুই আইপিএস আধিকারিকের মধ্যে সমঝোতা করানোর জন্য অসম পুলিশের ডিজি সুরেন্দ্র কুমারকে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ‍্য সরকার। 

তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। অক্ষত গর্গের আঘাত কতটা গুরুতর, পার্টিতে উপস্থিত অন্যদের ভূমিকা কী ছিল এবং এই ঘটনায় কোনও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নয়। 

মঙ্গলবারই ডেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অকাদেমিতে অসম পুলিশের নবনিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ সমাপ্তির কুচকাওয়াজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে পুলিশ আধিকারিক ও কর্মীদের কী ধরনের আচরণ করা উচিত, তা নিয়ে একাধিক নির্দেশ দেন হিমন্ত।

নবনিযুক্ত পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। অশালীন বা অপমানজনক ভাষা ব্যবহার করা চলবে না। তাঁদের কথাবার্তা, আচরণ এবং সামগ্রিক ব্যবহারের মধ্যে যেন পুলিশের পোশাকের মর্যাদা বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে।”

একদিকে পুলিশকর্মীদের শৃঙ্খলা ও আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, অন্য দিকে দুই সিনিয়র আইপিএস আধিকারিকের মধ্যে ব্যক্তিগত পার্টিতে হাতাহাতির অভিযোগ— এই দুই ঘটনাকে ঘিরেই অসমের পুলিশ মহলে শুরু হয়েছে আলোচনা।


Share