Narendra Modi

মোদীর অনুষ্ঠানে টিকিট শেষ! এক ঘণ্টাতেই সব শেষ, ওয়েটিং লিস্টে ৪২ হাজার

ভদোদরার মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি প্যাভিলিয়নে আয়োজিত হতে চলা ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানের অনলাইন টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরও প্রায় ৪২ হাজার মানুষ ওয়েটিং লিস্টে রয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, গুজরট
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যোগ দিতে ব্যাপক আগ্রহ সাধারণ মানুষের। ভদোদরার মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি প্যাভিলিয়নে আয়োজিত হতে চলা ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানের অনলাইন টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরও প্রায় ৪২ হাজার মানুষ ওয়েটিং লিস্টে রয়েছেন। অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উৎসাহ যে তুঙ্গে, টিকিটের এই চাহিদাতেই তা স্পষ্ট। জানা গিয়েছে, অনুষ্ঠানে সাধারণ নাগরিকের পাশাপাশি শিক্ষার্থী, পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা, শিল্পজগতের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত থাকবেন।

আগামীকাল, ৮ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান। ভদোদরা পুরসভার উদ্যোগে ‘বুকমাইশো’-এর মতো বেসরকারি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্তির ব্যবস্থা করা হয়। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হতেই ব্যাপক সাড়া মেলে। মাত্র এক ঘণ্টার মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয়, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনও অর্থ নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই নাম নথিভুক্ত করা হচ্ছে। অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের এই বিপুল আগ্রহ এবং এত বড় সংখ্যায় অংশগ্রহণের উদ্যোগ ইতিমধ্যেই ওয়াকিবহাল মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যস্ত কর্মসূচির মধ্যেই ভদোদরায় এই জনসভা আয়োজিত হতে চলেছে। মঙ্গলবার তিনি মহারাষ্ট্র সফরেও যাবেন। তার আগে মঙ্গলবার দুপুরে ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’-এর ৩২৬ কিলোমিটার দীর্ঘ তিনটি অংশের আনুষ্ঠানিক উদ্বোধন। এই অংশগুলি চালু হলে সম্পূর্ণ ফ্রেইট করিডোর নেটওয়ার্কই কার্যকর হয়ে যাবে। ২০,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি এই রেলপথ উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দর (জেএনপিটি)-এর সরাসরি রেল যোগাযোগ তৈরি করবে। এর ফলে আমদানি-রফতানির পণ্য পরিবহণ আরও দ্রুত হবে, কমবে লজিস্টিকস খরচ এবং চাপ কমবে বিদ্যমান রেলপথের উপরও। পাশাপাশি, প্রধানমন্ত্রী নিউ সানন্দ, নিউ মকরপুরা, নিউ উম্বরগাঁও এবং নিউ জেএনপিটি থেকে পণ্যবাহী ট্রেন পরিষেবারও সূচনা করবেন। একই সঙ্গে তিনি ভদোদরা ও টান্ডা রোডের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবারও উদ্বোধন করবেন।


Share