Earthquake

তিব্বতের ৭ মাত্রার ভূমিকম্পের পরই আতঙ্ক! মাত্র ৩ ঘণ্টা ২২ মিনিটের ব্যবধানে কেঁপে উঠল ভারত-পাকিস্তান-আফগানিস্তান-চিন, সর্বোচ্চ কম্পন ৪.৯

সিসমোলজি কেন্দ্রগুলির প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় তিব্বতে হওয়া শক্তিশালী ভূমিকম্পের আফটার শক হিসাবেই শুক্রবারের কম্পনগুলিকে দেখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, তিব্বত
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৮

মাত্র ৩ ঘণ্টা ২২ মিনিটের ব্যবধানে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চিন। শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত চার দেশে অনুভূত হয়েছে কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭ থেকে ৪.৯। তবে এখনও পর্যন্ত কোনও দেশেই প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সিসমোলজি কেন্দ্রগুলির প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় তিব্বতে হওয়া শক্তিশালী ভূমিকম্পের আফটার শক হিসাবেই শুক্রবারের কম্পনগুলিকে দেখা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ২টো ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের সিমলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। এই ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর পর ভোর ৪টে ৫৬ মিনিটে পাকিস্তানে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। এরপর ভোর ৫টা ৫৪ মিনিটে আফগানিস্তানে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৫ মিনিটে চিনের তিব্বত অঞ্চলেও কম্পন টের পাওয়া যায়। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। এই তিনটি ভূমিকম্পেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যাতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তিব্বত। সেই কম্পনের মাত্রা ছিল ৭ বলে জানা গিয়েছে। তার পরের কয়েক ঘণ্টার মধ্যে ভারত-সহ চারটি দেশে একের পর এক কম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে, এই কম্পনগুলি বৃহস্পতিবারের শক্তিশালী ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটার শক হতে পারে। তবে পরিস্থিতির উপর নজর রাখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্রগুলি।


Share