Durga Pujo

দুর্গাপ্রতিমা বিসর্জন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু উত্তরপ্রদেশে, গুরুতর জখম আরও ন’জন, উত্তপ্ত গোরক্ষপুর

ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। মৃতদের নাম চন্দন, লাকি ওবং ভিকি। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য। ঘটনায় আরও ন‍’জন ঝলসে গিয়েছেন।

মেডিকেল কলেজের সামনে লাঠিচার্জ করছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১১:০৯

দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রার বিপত্তি উত্তরপ্রদেশে। সেখানে হাই টেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোরক্ষপুরের ঘটনার পরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে বিআরডি মেডিক্যাল কলেজের সামনে রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ করেছে বলেও জানা গিয়েছে। 

বুধবার বিজয়া দশমীর বিকেল ৫টা নাগাদ গুলারিহা থানার অন্তর্গত বনস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য একটি ট্র্যাক্টর-ট্রলিতে চেপে ভক্তরা যাচ্ছিলেন। সেই সময় ট্রলিতে লাগানো একটি লম্বা ধাতব লাঠি রাস্তার ওপর দিয়ে যাওয়া উচ্চবিভব সম্পন্ন বিদ্যুতের তার সংস্পর্শে আসে। তার পরেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। ট্রলিতে থাকা মানুষেরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। মৃতদের নাম চন্দন, লাকি ওবং ভিকি। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য। ঘটনায় আরও ন‍’জন ঝলসে গিয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য বিআরডি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার বিকেল ৩টে পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ার পরেই দুর্গাপ্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশে রওনা দেন তাঁরা। সেই সময় ট্র্যাক্টর-ট্রলিতে লাগানো পতাকার ধাতব লাঠি কখন উচ্চবিভব সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে, তা কেউ বুঝতে পারেননি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক পড়ে যান। তার পরেই আরও দু’জন বিদ্যুতের সংস্পর্শে আসেন।

ঘটনার খবর পেয়ে গোরক্ষপুরের জেলাশাসক দীপক মীনা, পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছোন। প্রশাসনিক গাফিলতির অভিযোগে বিআরডি মেডিক্যাল কলেজের সামনের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।


Share