Supreme Court

এসআইআরে নিয়ে ঘটে যাওয়া হিংসার ঘটনায় কী পদক্ষেপ করেছে পুলিশ, রাজ‍্য পুলিশের ডিজির কাছ থেকে অতিরিক্ত হলফনামা তলব করল শীর্ষ আদালত

কোথাও রোল অবজার্ভার, কোথাও বা বুথস্তরের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি ফর্ম-৭ জমা ও তা নিয়ে আপত্তি ঘিরেও বিভিন্ন জেলায় অশান্তির খবর মিলেছে। এই সামগ্রিক পরিস্থিতিকেই উদ্বেগজনক বলে মন্তব্য করেছে আদালত।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৭

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন রাজ‍্য পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে রাজ্য পুলিশের ডিজিকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। কোথাও রোল অবজার্ভার, কোথাও বা বুথস্তরের আধিকারিকদের তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি ফর্ম-৭ জমা ও তা নিয়ে নিস্পতি নিয়ে শুনানিকেন্দ্রে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছিল সরকারি ফর্ম। এমনকী, পুলিশ আধিকারিক রক্তাক্ত হয়েছিল। তা উদ্বেগজনক বলে আগেই জানিয়েছিল শীর্ষ আদালত।

শুক্রবারের শুনানিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলার এমন অবনতি গণতন্ত্রের পক্ষে পক্ষে অনুকূল নয়। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে এবং পুলিশ যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ডিজিকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে বলেও স্পষ্ট করে দেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

কমিশনের অভিযোগ, বারবার অভিযোগ হওয়া সত্ত্বেও কোনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এমন অন্তত ২৩টি মামলার বিস্তারিত দিয়ে হলফনামা দেয় কমিশন। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালত রাজ‍্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে ব‍্যক্তিগত ভাবে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। এই ঘটনাগুলিতে পুলিশ কী ব‍্যবস্থা নিয়েছে তা বিস্তারিত জানাতে অতিরিক্ত হলফনামা জমা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।


Share