Supreme Court

বকেয়া ডিএ নিয়ে ফের কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট! রিপোর্ট তলব শীর্ষ আদালতের, ১৮ অগস্ট আবার শুনানি

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ অগস্ট। ওই দিন মনিটরিং কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের অবস্থান এবং বকেয়া ডিএ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে শীর্ষ আদালতে শুনানি রয়েছে।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০৪:৩৩

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের গঠিত মনিটরিং কমিটিকে আগামী দু’দিনের মধ্যে তাদের রিপোর্ট মামলার সংশ্লিষ্ট সব পক্ষের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ অগস্ট। ওই দিন মনিটরিং কমিটির রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের অবস্থান এবং বকেয়া ডিএ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে শীর্ষ আদালতে শুনানি রয়েছে।

পশ্চিমবঙ্গের ডিএ মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা সম্পূর্ণ পরিশোধ করতে হবে রাজ্য সরকারকে। আদালত প্রথম পর্যায়ে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মেটানোর নির্দেশ দেয়। বাকি ৭৫ শতাংশ কীভাবে ধাপে ধাপে পরিশোধ করা যায়, যাতে রাজ্যের আর্থিক চাপ নিয়ন্ত্রণে থাকে, সেই বিষয়ে সুপারিশ করতে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যেই ওই কমিটি বৈঠক করে নিজেদের পর্যবেক্ষণ ও সুপারিশ সুপ্রিম কোর্টে পেশ করেছে। বৈঠকে যে বিষয়গুলি উঠে এসেছে, সেগুলিও আদালতের সামনে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, মনিটরিং কমিটি তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের কাছে জমা দেবে।

বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সরকারি কর্মীদের ডিএ প্রদানের প্রক্রিয়া কতদূর এগিয়েছে, ইতিমধ্যে কত শতাংশ বকেয়া মেটানো হয়েছে এবং এখনও কতটা বাকি রয়েছে— সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে স্টেটাস রিপোর্টে জানাতে হবে। পাশাপাশি, বাকি ডিএ কীভাবে এবং কোন সময়সীমার মধ্যে পরিশোধ করা হবে, সেই পরিকল্পনাও রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী দু’দিনের মধ্যে ডিজিটাল মাধ্যমে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া এই মামলায় সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছিল। তবে সেই সময় রাজ্য সরকার তা বাস্তবায়নে বিলম্ব করে। সরকার পরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকার আদালতকে জানিয়েছে, তারা নির্দেশ মেনেই বকেয়া ডিএ পরিশোধের উদ্যোগ নিয়েছে। তবে বিপুল আর্থিক চাপের কথা উল্লেখ করে স্টেটাস রিপোর্টে রাজ্য জানিয়েছে, এককালীন ১০০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। তাই আদালতের অনুমতি নিয়ে মোট বকেয়ার ৮৫ শতাংশ পরিশোধ করতে চায় সরকার এবং বাকি ১৫ শতাংশ মকুবের আবেদন জানিয়েছে। একই সঙ্গে রাজ্য জানিয়েছে, ধাপে ধাপে বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৮ সালের মধ্যে চারটি কিস্তিতে সম্পূর্ণ অর্থ কর্মচারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে শুনানির সময় কর্মচারীদের এক সংগঠনের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতকে জানান, রাজ্য বকেয়া ডিএ পরিশোধের দাবি করলেও তাঁর মক্কেলরা এখনও পর্যন্ত এক টাকাও পাননি। রাজ্য সরকার, মনিটরিং কমিটি এবং কর্মচারী সংগঠনের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, পরবর্তী শুনানির দিন রাজ্যের অবস্থান ও সংশ্লিষ্ট আবেদন বিবেচনা করা হবে।

রাজ্যের স্টেটাস রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) বাবদ মোট ১১ হাজার ৯৮৩ কোটি টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে প্রথম কিস্তিতে সাত হাজার ৭৭১ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাজ্য। বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ২০২৭ সালের জানুয়ারিতে, তৃতীয় কিস্তি ২০২৭ সালের জুলাইয়ে এবং চতুর্থ ও শেষ কিস্তি ২০২৮ সালের জানুয়ারিতে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্য দিকে, পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক বাজেটে পূর্বঘোষিত হারে আরও ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করেছে। ফলে চলতি বছরের অগস্ট মাস থেকে রাজ্য সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তা সত্ত্বেও কেন্দ্রীয় হারের তুলনায় এখনও ২২ শতাংশ ব্যবধান রয়ে গিয়েছে।


Share