Special Intensive Rivision

ফের পিছিয়ে গেল চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, ১৪ ফেব্রুয়ারির বদলে প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি নয় ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

ফের পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিন। ১৪ ফেব্রুয়ারি নয় ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।

সোমবার শীর্ষ আদালতের নির্দেশে এসআইআর-এর সময়সীমা বেড়েছে। স্ক্রটিনির কাজের জন্য আরোও সাতদিন সময়সীমা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে শীর্ষ আদালতে প্রথম শুনানির দিনই কমিশনের তরফে জানানো হয়েছিল। এ বার মঙ্গলবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এর আগে শুনানির সময়সীমা বৃদ্ধি চেয়ে আগেই কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ।

সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ইআরও এবং এইআরও-রা নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রে মাইক্রো অবর্জাভারদের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনোও অধিকার নেই। কমিশন সূত্রে জানানো হয়েছিল, ৭ তারিখে শুনানি শেষ হলে আরোও সাতদিন সুপার চেকিং করার পর ১৪ তারিখে চূড়ান্ত তালিকা বেরোনোর কথা ছিল। ফলত, কমিশনের আগেকার ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা অন্তত ২১ তারিখ পর্যন্ত পিছিয়ে যেত। কমিশনের তরফে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।


Share