NEET UG Exam

সিসিটিভি নজরদারি, বায়োমেট্রিক যাচাই, দু'লক্ষ কর্মী মোতায়েন, নিরাপত্তার বলয়ে আজ দেশের বৃহত্তম মেডিকেল প্রবেশিকা নিট

নির্ধারিত সময়ের পরে কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাই অ্যাডমিট কার্ডে উল্লেখিত কেন্দ্রের ঠিকানা আগে থেকেই যাচাই করে অন্তত দেড় ঘণ্টা আগে পৌঁছোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১১:০৩

রবিবার ফের অনুষ্ঠিত হতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ২২ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করতে একাধিক নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

দুপুর দু'টো থেকে পরীক্ষা শুরু হবে এবং অতিরিক্ত ১৫ মিনিট সময় যোগ হওয়ায় পরীক্ষা চলবে বিকেল পাঁচটা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর একটা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাই অ্যাডমিট কার্ডে উল্লেখিত কেন্দ্রের ঠিকানা আগে থেকেই যাচাই করে অন্তত দেড় ঘণ্টা আগে পৌঁছোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক তথ্য যাচাই বাধ্যতামূলক। আধার কার্ডের তথ্য মিলিয়ে দেখার পরই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বায়োমেট্রিক যাচাই সম্ভব না হলে পরীক্ষার্থীকে একটি ব্যাখ্যাপত্র জমা দিতে হবে। এ বিষয়ে কেন্দ্রের আধিকারিকরা প্রয়োজনীয় সহায়তা করবেন। পরীক্ষা চলাকালীন এ সংক্রান্ত কোনও বিষয়ে পরীক্ষার্থীকে বিরক্ত করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট বা সরকার-স্বীকৃত ছবি-সহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। স্বচ্ছ জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি থাকবে। ডায়াবেটিসে আক্রান্ত পরীক্ষার্থীরা প্রয়োজনীয় ওষুধ ও ফল সঙ্গে রাখতে পারবেন।

পোশাকের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ফুলহাতা বা উলের পোশাক পরা গেলেও এমন পোশাক পরা যাবে না, যাতে নিরাপত্তা তল্লাশিতে অসুবিধা হয়। কম হিলের স্যান্ডেল বা চপ্পল পরা যাবে, তবে সাধারণ জুতো পরার অনুমতি নেই।

মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ কোনও ইলেকট্রনিক সরঞ্জাম পরীক্ষাকেন্দ্রে নেওয়া যাবে না। পাশাপাশি ক্যালকুলেটর, ওয়ালেট, গয়না, ধাতব সামগ্রী বা অন্য কোনও খাদ্যবস্তু বহন করাও নিষিদ্ধ।

নিট পরীক্ষার পূর্ণমান ৭২০। মোট ১৮০টি প্রশ্ন থাকবে, যার মধ্যে পদার্থবিদ্যা ও রসায়নে ৪৫টি করে এবং জীববিদ্যায় ৯০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর এবং ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের বুকলেট পরীক্ষার্থীরা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

পরীক্ষা পরিচালনার জন্য দেশজুড়ে প্রায় দু'লক্ষ কর্মী ও আধিকারিক মোতায়েন করা হচ্ছে। এছাড়া ছ'হাজার ৬৬৯ জন অবজার্ভার এবং ৬৭৪ জন সিটি কো-অর্ডিনেটর বিভিন্ন কেন্দ্রের উপর নজর রাখবেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষাকক্ষের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে।


Share