CJP Protest

দিল্লিতে ফের বিক্ষোভ ঘিরে উত্তেজনা, কনট প্লেসে ৬ হাজার পুলিশ মোতায়েন

সম্ভাব্য জমায়েত ও অশান্তি এড়াতে মধ্য দিল্লিতে প্রায় ৬ হাজার পুলিশকর্মী মোতায়েন করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি, মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) একাধিক কোম্পানি।

দিল্লিতে ফের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১২:৫৭

দিল্লিতে ফের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা। শুক্রবার কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তবে কর্মসূচির অনুমতি না মেলায় পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তার কারণে ১৬ ও ১৭ অক্টোবর বন্ধ রাখা হচ্ছে কনট প্লেসের সেন্ট্রাল পার্কও। সম্ভাব্য জমায়েত ও অশান্তি এড়াতে মধ্য দিল্লিতে প্রায় ৬ হাজার পুলিশকর্মী মোতায়েন করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি, মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) একাধিক কোম্পানি।

সিজেপির কর্মসূচিকে ঘিরে কনট প্লেস ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হয়েছে ব্যারিকেড। নজরদারির জন্য পুলিশকর্মীদের শরীরে থাকবে বডি ক্যামেরা। পরিস্থিতি বিবেচনা করে যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। উৎসবের মরসুমে আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সুরক্ষিত রাখতেও তৎপর প্রশাসন।

নয়াদিল্লি পুরসভা (এনডিএমসি) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১৬ ও ১৭ অক্টোবর সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক। পার্ক বন্ধ রাখার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘প্রশাসনিক বিষয়’-এর উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবারই সেন্ট্রাল পার্কে সিজেপির প্রস্তাবিত কর্মসূচির অনুমতি দেয়নি এনডিএমসি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার ওই পার্কে জমায়েতের পরিকল্পনা করেছিলেন অভিজিৎ দিপকে। পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক্স হ্যান্ডেলে দিপকে লেখেন, “আমরা যদি ১০০টি জায়গার নাম ঘোষণা করি, তা হলে নরেন্দ্র মোদী কি সব ১০০টি জায়গাই বন্ধ করে দেবেন?”

কনট প্লেসে সিজেপির কর্মসূচিতে সাধারণ মানুষকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি পুলিশ। তবে প্রতীকী দেশাত্মবোধক কর্মসূচির জন্য নির্দিষ্ট সংখ্যক মানুষকে উপযুক্ত কোনও জায়গায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। দিপকের কর্মসূচির জন্য ১১ জনকে অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। ওই এলাকার বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনও অশান্তি এবং বেআইনি জমায়েতের হাত থেকে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষার আবেদন জানিয়েছে। উৎসবের মরসুমে ব্যবসার যাতে ক্ষতি না হয়, সে দিকেও নজর রাখছে প্রশাসন।

সব মিলিয়ে, শুক্রবারের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিকে ঘিরে কনট প্লেসে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জাতীয় পতাকা হাতে প্রতিবাদের ডাক দেওয়া হলেও কর্মসূচি কোথায় এবং কী ভাবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি পুলিশ।


Share