Noida Arson

নয়ডায় শ্রমিক বিক্ষোভে ফের উত্তেজনা, পুলিশের দিকে ইট-পাথর, গ্রেফতার প্রায় ৩০০

উল্লেখ্য, শ্রমিক অসন্তোষের জেরে সোমবারই রাজ্য সরকার ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা করে, যেখানে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়। গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, এই নতুন বেতন কাঠামো ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে।

নয়ডার অশান্তি
নিজস্ব সংবাদদাতা, নয়ডা
  • শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৩:০৭

মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল নয়ডা। সেক্টর ৮০ এলাকায় শ্রমিক বিক্ষোভের নতুন ঘটনা সামনে এসেছে। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। আহুজা কারখানার কর্মীরা সকাল থেকেই বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, সরকার ঘোষিত বেতন বৃদ্ধি তাঁদের সন্তোষজনক নয়। পাশাপাশি কারখানার গেটের সামনে নতুন বেতন বৃদ্ধির তালিকা প্রকাশ করার দাবিও তোলেন তাঁরা।

উল্লেখ্য, শ্রমিক অসন্তোষের জেরে সোমবারই রাজ্য সরকার ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা করে, যেখানে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়। গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, এই নতুন বেতন কাঠামো ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য একই হারে বেতন বৃদ্ধি করা হয়েছে, যা তাঁরা মানতে পারছেন না। পাশাপাশি অভিযোগ উঠেছে, শ্রমিকদের দীর্ঘ সময় কাজ করিয়ে পরে ছাঁটাই করে নতুন কর্মী নেওয়া হচ্ছে, যাতে বেতন বৃদ্ধি এড়ানো যায়। এই সমস্ত দাবি নিয়েই মঙ্গলবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ায় সেক্টর ৮০ এলাকায়।

প্রশাসনের দাবি, বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার জেরেই সোমবারের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্যদিকে, রাজ্যের শ্রমমন্ত্রী অনিল রাজভর এই ঘটনার পিছনে চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য, এই বিক্ষোভ পরিকল্পিত হতে পারে এবং এর সঙ্গে পাকিস্তানি যোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এই ঘটনায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ৪০-৪৫ হাজার শ্রমিক রাস্তায় নেমে শহরের ৮০টিরও বেশি এলাকায় বিক্ষোভ দেখান। সেক্টর ৬২, ফেজ ২, সেক্টর ৬৩, সেক্টর ৮৪-সহ একাধিক শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়ায়। এর ফলে দিল্লি-র সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও অবরুদ্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও মঙ্গলবার যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে অম্বেডকর জয়ন্তী উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ট্র্যাফিক সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, মহামায়া উড়ালপুল, সেক্টর ৩৭, আটা পীর চৌক, রজনীগন্ধা চক এবং সেক্টর ১৫ গোলচক্কর।


Share