Death for Heatwave

৪৬ ডিগ্রির আগুনে পুড়ছে তেলেঙ্গানা, তাপপ্রবাহে মৃত ১৬, সতর্কতা জারি রাজ্যজুড়ে

প্রশাসন জানিয়েছে, সাতটি জেলা থেকে তাপপ্রবাহজনিত মৃত্যুর খবর মিলেছে। সবচেয়ে বেশি, চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। এ ছাড়া ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর এবং নিজামাবাদে তিন জন করে মারা গিয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, তেলেঙ্গানা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৯:৫১

দেশজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে একের পর এক রাজ্য। উত্তর থেকে পূর্ব ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকা এখন চরম গরমের কবলে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে তেলেঙ্গানা। রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি গরমের মরসুমে সেখানে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তেলঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের অন্তত ১৬টি জেলায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে। একাধিক জেলায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী আরও দু’-তিন দিন এই পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০টি শহরের তালিকাতেও উঠে এসেছে তেলঙ্গানার একাধিক শহরের নাম। প্রশাসন জানিয়েছে, সাতটি জেলা থেকে তাপপ্রবাহজনিত মৃত্যুর খবর মিলেছে। সবচেয়ে বেশি, চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। এ ছাড়া ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর এবং নিজামাবাদে তিন জন করে মারা গিয়েছেন। সূর্যপেট, জগুলাম্বা গঢ়ওয়াল ও রঙ্গারেড্ডি জেলা থেকেও মৃত্যুর খবর এসেছে। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।

রাজ্য আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস। জগতিয়ালের ধর্মপুরী, করিমনগরের গঙ্গাধারা, মানচেরিয়ালের কাসিপেট, নিজ়ামাবাদের ইয়েরগাটলা, পেড্ডাপল্লির কামানপুর, রাজন্না সিরসিলার কোনারাওপেটা এবং সূর্যপেটের মোথেতেও তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে পৌঁছেছে। হনুমানকোন্ডার কামালপুর, জয়শঙ্কর ভূপালপল্লির মোগুলাপল্লি, খাম্মাম, মুলুগুর এটুরুনগরম এবং নির্মলের খানাপুরে তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মহবুবানগরের থোরুরে ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সিদ্দিপেটের কোহেড়া, ওয়ারাঙ্গলের পর্বতগিরি, জনগাঁওয়ের চিলপুর ও আদিলাবাদের ইন্দ্রভ্যালিতেও তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।

মে মাসের শুরু থেকেই দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের প্রকোপ বাড়তে শুরু করেছে। শুধু দিল্লি বা উত্তরপ্রদেশ নয়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা এবং রাজস্থান-সহ বহু রাজ্যই এখন চরম গরমে নাজেহাল। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকায় জনজীবনে বাড়ছে দুর্ভোগ।


Share