NEET Exam

নিট দুর্নীতির শিকড়ে পৌঁছচ্ছে সিবিআই, কুলকার্নির ঘনিষ্ঠ শিক্ষিকা গ্রেফতার, ফাঁসের চক্রে কোটি টাকার লেনদেনের অভিযোগ

পরে দেখা যায়, ওই প্রশ্নগুলির অধিকাংশই ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৮:৪৭

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। জীবনবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের অভিযোগে ধরা পড়েছেন পুণের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মানধারে। শনিবার দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর, মনীষা ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন এবং নিট-ইউজি পরীক্ষার একাধিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তে উঠে এসেছে, এপ্রিলে পুণের আরও এক ধৃত শিক্ষকের মাধ্যমে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন। নিজের বাড়িতেই কোচিং ক্লাস চালাতেন তিনি।

অভিযোগ, সেই কোচিং ক্লাসেই পরীক্ষার্থীদের উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখিয়ে দেন মনীষা। পরীক্ষার্থীদের সেই প্রশ্নগুলি নোটবুকে টুকে রাখতেও বলা হয়েছিল। পরে দেখা যায়, ওই প্রশ্নগুলির অধিকাংশই ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ছ’টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন একাধিক গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় এখনও পর্যন্ত মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে এবং আহলিয়ানগরের বাসিন্দারাও রয়েছেন।

সিবিআইয়ের দাবি, নিটের রসায়ন ও জীববিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের মূল উৎসের সন্ধান ইতিমধ্যেই মিলেছে। পাশাপাশি, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত দালালদেরও শনাক্ত করা হয়েছে। অভিযোগ, বিভিন্ন কোচিং সেন্টারের পরীক্ষার্থীদের কাছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করা হত।

এর আগে শুক্রবার মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারীদের সন্দেহ, তিনিই এই প্রশ্নফাঁস চক্রের মূলচক্রী। সিবিআইয়ের দাবি, কুলকার্নির সঙ্গে মনীষার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।


Share