LPG

জ্বালানিতে স্বস্তি দিতে করছাড়, লকডাউন জল্পনায় ইতি টানলেন হরদীপ সিং পুরী

লকডাউন প্রসঙ্গে হরদীপ স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি পরিষ্কার করে বলতে চাই, ভারত সরকার এমন কিছু নিয়ে ভাবনাচিন্তা করছে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন সকলে।’’

হরদীপ সিং পুরী
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৩:২০

পেট্রল ও ডিজেলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন নেওয়া হল, তার ব্যাখ্যা দিলেন হরদীপ সিং পুরী। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশে লকডাউন জারির সম্ভাবনা নিয়ে যে জল্পনা চলছে তা সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। বর্তমান পরিস্থিতিতে মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বানও জানান তিনি।

শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধির ফলে সরকারের সামনে মূলত দু’টি পথ খোলা ছিল। একদিকে অন্য বহু দেশের মতো জ্বালানির দাম বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া, অন্যদিকে আর্থিক চাপ স্বীকার করে সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে রক্ষা করা। সব দিক বিবেচনা করে সরকার দ্বিতীয় পথই বেছে নিয়েছে বলে জানান তিনি।

অন্তঃশুল্ক কমানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পর এক্স-এ নিজের প্রতিক্রিয়ায় হরদীপ লেখেন, ‘‘গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে প্রায় ১২২ ডলার হয়েছে। ফলস্বরূপ, বিশ্ব জুড়ে ভোক্তাদের পেট্রল, ডিজ়েল কিনতে বেশি টাকা দিতে হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ৩০-৫০ শতাংশ, উত্তর আমেরিকার দেশগুলিতে ৩০ শতাংশ, ইউরোপে ২০ শতাংশ এবং আফ্রিকার দেশগুলিতে ৫০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।’’

মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে এই মূল্যবৃদ্ধির কারণে ভারতীয় তেল সংস্থাগুলির উপরও বিপুল আর্থিক চাপ তৈরি হয়েছে। সেই চাপ আংশিকভাবে সামাল দিতেই কেন্দ্র এই করছাড়ের সিদ্ধান্ত নিয়েছে, যদিও এতে সরকারের রাজস্ব ক্ষতি হবে।

লকডাউন প্রসঙ্গে হরদীপ স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি পরিষ্কার করে বলতে চাই, ভারত সরকার এমন কিছু নিয়ে ভাবনাচিন্তা করছে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন সকলে।’’

উল্লেখ্য, শুক্রবার কেন্দ্র সরকার পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর ঘোষণা করেছে। এর ফলে পেট্রলের উপর শুল্ক ১৩ টাকা থেকে কমে ৩ টাকায় নেমেছে এবং ডিজ়েলের ক্ষেত্রে ১০ টাকা থেকে কমে শূন্য হয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই করছাড়ের পরও বাজারে তাৎক্ষণিকভাবে বড় দামের পতন দেখা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে আপাতত দেশে নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।


Share