Supreme Court

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, বাদ পড়া ভোটারদের আপিলে অগ্রাধিকার, এক মাসের সময়সীমা কমিশনকে

পাশাপাশি, আপিলের দীর্ঘসূত্রতা কাটাতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং পরিকাঠামো তৈরির ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৬:৪১

পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের আবেদনের শুনানিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, আপিলের দীর্ঘসূত্রতা কাটাতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং পরিকাঠামো তৈরির ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়।

শীর্ষ আদালতের নির্দেশ, ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া আপিলগুলির শুনানি আপাতত স্থগিত রাখতে হবে। বরং যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আবেদন আগে শুনতে হবে। আপিলগুলিকে দু’টি পৃথক ভাগে ভাগ করে এই প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে আদালত।

এ দিন শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বহু মানুষ সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যাঁদের এই বিষয়ে অভিযোগ রয়েছে, তাঁদের অবিলম্বে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে প্রশান্ত ভূষণ আরও জানান, ভুল করে বাদ পড়া ভোটারদের মধ্যে ৯৩ শতাংশের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে এখনও প্রায় ২২ লক্ষ মানুষের আবেদনের নিষ্পত্তি বাকি। তাঁর দাবি, এই ব্যক্তিরা গত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার আর্জিও জানান তিনি।

অন্য দিকে, আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন এলাকায় ট্রাইব্যুনাল চালানোর উপযুক্ত জায়গা ও পরিকাঠামো চিহ্নিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কলকাতা পুরসভা এলাকাকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করার জন্য কমিশনকে এক মাস সময় দিয়েছে শীর্ষ আদালত।


Share