Supreme Court

গ্রেফতারের ৪৮ ঘণ্টা পরই স্বয়ংক্রিয় সাসপেনশন, সরকারি কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

এর জন্য পৃথকভাবে কোনও প্রশাসনিক নির্দেশ বা সরকারি বিজ্ঞপ্তি জারির প্রয়োজন নেই। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক সরকারি কর্মীর জামিন মামলার শুনানিতে সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১২:৫৯

গ্রেফতার হওয়ার পর কোনও সরকারি কর্মচারী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবেই সাময়িক বরখাস্ত বা সাসপেনশনের আওতায় চলে আসবেন। এর জন্য পৃথকভাবে কোনও প্রশাসনিক নির্দেশ বা সরকারি বিজ্ঞপ্তি জারির প্রয়োজন নেই। ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক সরকারি কর্মীর জামিন মামলার শুনানিতে সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ বিহারের একটি সরকারি হাসপাতালের প্রশাসনিক আধিকারিক বিশ্বজিৎ সিংয়ের জামিন পুনর্বহাল সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করে। আদালত জানায়, গ্রেফতারির পর কোনও সরকারি কর্মী টানা ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তিনি ‘ডিমড সাসপেনশন’-এর আওতায় চলে আসেন। অর্থাৎ, আলাদা করে কোনও সরকারি নির্দেশ জারি না হলেও তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ৩৬ হাজার ৪২১ টাকার বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার বিনিময়ে এক চুক্তিভিত্তিক কর্মীর কাছে ৪ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল বিশ্বজিৎ সিংয়ের বিরুদ্ধে। এই মামলায় নিম্ন আদালত তাঁকে জামিন দিলেও পরবর্তী সময়ে পটনা হাই কোর্ট সেই জামিন খারিজ করে দেয়। পরে শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশ বাতিল করে অভিযুক্তের জামিন বহাল রাখে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অভিযুক্ত কত টাকা ঘুষ চেয়েছিলেন, শুধুমাত্র সেই বিষয়টির ভিত্তিতে তাঁর জামিন বাতিল করা যুক্তিসঙ্গত নয়।

তবে জামিন মঞ্জুর করলেও অভিযুক্তের চাকরিতে পুনর্বহাল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। বিচারপতি পারদিওয়ালা নির্দেশে উল্লেখ করেন, গ্রেফতারির পর বিশ্বজিৎ সিং প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। তা সত্ত্বেও কীভাবে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে ফের একই হাসপাতালে, একই পদে বহাল করা হল, আদালত তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে।

পুরো বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিহার সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সরকারি কর্মীদের গ্রেফতারি এবং সাময়িক বরখাস্ত সংক্রান্ত নিয়ম কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিল শীর্ষ আদালত।


Share