Earthquake

২৪ ঘণ্টায় ফের কাঁপল সিকিম, ৪.২ মাত্রার ভূমিকম্পে পাহাড়ে আতঙ্ক

পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। অল্প সময় স্থায়ী হলেও ঝাঁকুনির তীব্রতা বেশ অনুভূত হয়। এই কম্পনের উৎসস্থলও ছিল সিকিমের গ্যালশিং অঞ্চল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সিকিম
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮

২৪ ঘণ্টার মধ্যেই ফের ভূমিকম্পে কাঁপল সিকিমের বিস্তীর্ণ এলাকা। এ বার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২। এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, তবে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

শনিবার সন্ধ্যা ছ'টা ৩৫ মিনিট নাগাদ সিকিমে কম্পন অনুভূত হয়। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও এর প্রভাব পড়ে। পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। অল্প সময় স্থায়ী হলেও ঝাঁকুনির তীব্রতা বেশ অনুভূত হয়। এই কম্পনের উৎসস্থলও ছিল সিকিমের গ্যালশিং অঞ্চল।

এর আগে বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় কেঁপেছে সিকিম। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ১২ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার পর শনিবার সন্ধ্যায় ফের কম্পন অনুভূত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পাহাড়ে। রাজ্যের সমতলের কিছু এলাকাতেও কম্পনের প্রভাব পড়ে।

বৃহস্পতিবার রাত একটা ন'মিনিট নাগাদ প্রথম বড় কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫। সে সময়ও উৎসস্থল ছিল পশ্চিম সিকিমের গ্যালশিং, ভূগর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। সেই কম্পনের প্রভাব পড়ে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও। পাশাপাশি অসম, নেপাল ও চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়। মধ্যরাতের সেই ভূমিকম্পে পাহাড় থেকে সমতল সব জায়গাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। এরপর শুক্রবার পর্যন্ত মোট ১২ বার কেঁপেছে সিকিম।


Share