Shoot Out

পঞ্জাবের জাগরণ উৎসবের শোভাযাত্রায় চলল গুলি, ঘটনাস্থলেই নাবালকের মৃত্যু, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও তিনজন

মৃতের নাম সুখরাজ সিংহ (১৭)। এ ছাড়াও, আরও তিনজন ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তাঁরা হলেন— ববি সিংহ (২২), ঋষি এবং হরদীপ (৪০)। তিন জনকে তরণ তারণ সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলির আঘাতে তাঁদের শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১১:৪১

পঞ্জাবের ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন চলল গুলি। ফিল্মি কায়দায় বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে। ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

ভারতজুড়ে বিভিন্ন উৎসব চলছে। শুক্রবার রাতে পঞ্জাবের তরণ তারণে ঘটনাটি ঘটেছে। সেখানকার গলি কান্দিয়ান ওয়ালিতে মহারাজা রণজিৎ সিংহ স্কুলের কাছে জাগরণ উৎসব চলছিল। সেই উৎসব চলাকালীনই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সময় কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালায়। 'ওপেন ফয়ার'-এর কানফাটা শব্দে চারিদিকে আর্তনাদ শুরু হয়। ব‍্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুখরাজ সিংহ (১৭)। এ ছাড়াও, আরও তিনজন ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তাঁরা হলেন— ববি সিংহ (২২), ঋষি এবং হরদীপ (৪০)। তিন জনকে তরণ তারণ সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলির আঘাতে তাঁদের শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। 

এই গোলাগুলি ঘটনার নেপথ‍্যে পুরনো শত্রুতার কথা জানতে পেরেছে পুলিশ। পুরনো প্রতিহিংসা চরিতার্থ করতেই একদল দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল বলে তদন্তকারীরা মনে করছে। খবর পাওয়ার পরপরই ডেপুটি পুলিশ সুপার (সিটি) সুখবীর সিংহের নেতৃত্বে একটি বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। ভারতীয় ন‍্যায় সংহিতার খুনের ধারা যুক্ত করে পুলিশ মামলা শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ। আকস্মিক গুলির শব্দে ধর্মীয় সমাবেশে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এদিকে, নিহত যুবকের পরিবারের সদস্যরা বিচারের দাবিতে বিক্ষোভ দেখান। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবিও জানান তাঁরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছে মৃতের পরিবার। পরিবারের অভিযোগ, অতীতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। পরিবারের বক্তব্য, সময়মতো পুলিশ হস্তক্ষেপ করলে এই ঘটনা এড়ানো যেত। তাঁরা পুলিশের বিরুদ্ধে পূর্ববর্তী অভিযোগগুলি উপেক্ষা করার অভিযোগ তুলেছেন।

আগামী ২০২৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে। তার ওপর তরণ তারণ পাকিস্তানের সীমান্তবর্তী জেলা। সেই বিষয়টি সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 


Share