Shoot Out

সম্পত্তি দখল নিয়ে বিবাদ, গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, পাঁচ জনের মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত লিজহোন্ডার

পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত সংবাদ সংস্থা পিটিআই-কে আরও জানিয়েছেন, “নিহত প্রত্যেকেই হোটেলের মালিকের সঙ্গে যুক্ত ছিলেন। যে ব‍্যক্তি লিজ নিয়েছিলেন তিনিই গুলি চালিয়ে তাঁদের হত্যা করেছেন।”

গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি।
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি
  • শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১২:৪৭

গুয়াহাটির লাচিত নগরের হোটেল বিলাস ইন- এ এলোপাথাড়ি গুলি চলেছে। সোমবার রাতে আচমকাই রাত ৯টা নাগাদ গুলি চলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও এক জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। হোটেলটিকে সিল করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। 

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, গুয়াহাটির ওই হোটেলটি লিজে এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল। হোটেলের মালিকের সঙ্গে কয়েক দিন ধরেই সম্পত্তির দখল নিয়ে বিবাদ চলছিল। এ দিন রাত ৯টা হোটেলের মালিক সেখানে যান। লিজ নেওয়া ব‍্যক্তিদের সাথে বচসা হয়। তার মধ্যেই যে ব‍্যক্তিটি হোটেলটি লিজ নিয়েছিল সে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে সেটি লাইসেন্সপ্রাপ্ত .৩২ বোর-এর বন্দুক। বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ঘনতান্ত গগোই। থানায় নিয়ে গিয়ে অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। হোটেলের দু’জন মহিলা গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা সংকটজনক বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত বলেন, “এই ঘটনায় ছ’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একজনের চিকিৎসা চলছে। ঘটনায় ব্যবহৃত .৩২ বোরের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, হোটেলের লিজ চুক্তি সংক্রান্ত সম্পত্তির বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত।”

পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত সংবাদ সংস্থা পিটিআই-কে আরও জানিয়েছেন, “নিহত প্রত্যেকেই হোটেলের মালিকের সঙ্গে যুক্ত ছিলেন। যে ব‍্যক্তি লিজ নিয়েছিলেন তিনিই গুলি চালিয়ে তাঁদের হত্যা করেছেন।”

পুলিশ আশপাশের বাসিন্দা, হোটেল মালিক, হোটেলের অন্যান্য কর্মী এবং হোটেলে থাকা বাকি আবাসিকদের সঙ্গে কথা বলে গুলি চলার ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আপাতত হোটেলটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। 


Share