Health Department

সোমনাথ যাত্রায় এক হাজার ১০০ পুণ্যার্থীর সঙ্গী সাত জনের মেডিকেল টিম, ৮০ ধরনের ওষুধ নিয়ে গুজরাতের পথে স্বাস্থ্য দফতর

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট এক হাজার ১০০ জন পুণ্যার্থীকে নিয়ে এই বিশেষ যাত্রার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার তাঁদের গুজরাত সফর শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।

সোমনাথ মন্দির।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৬

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত সোমনাথ যাত্রায় এ বার সফরসঙ্গী হচ্ছে স্বাস্থ্য দফতরও। নবান্ন রাজ্যবাসীর জন্য বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনের ব্যবস্থা করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট এক হাজার ১০০ জন পুণ্যার্থীকে নিয়ে এই বিশেষ যাত্রার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার তাঁদের গুজরাত সফর শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।

তবে শুধু পুণ্যার্থীরাই নন, তাঁদের সঙ্গে গুজরাতের উদ্দেশ্যে রওনা হবে স্বাস্থ্য দফতরের একটি বিশেষ মেডিকেল টিমও। নবান্নের নির্দেশে সরকারি চিকিৎসক ও স্টাফ নার্স-সহ মোট সাত জনের এই দল পুণ্যার্থীদের সফরসঙ্গী হবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার থেকেই আরজি কর মেডিকেল কলেজের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে মেডিকেল টিমটি যাত্রায় যুক্ত হবে। পরবর্তী ১০ দিন পুণ্যার্থীদের সঙ্গে থাকবেন তিন জন চিকিৎসক এবং চার জন স্টাফ নার্স। তিন চিকিৎসকই স্বাস্থ্য দফতরের অধীনে ‘বিশেষজ্ঞ মেডিকেল অফিসার’ হিসেবে কর্মরত। অন্য দিকে, চার স্টাফ নার্স কলকাতা মেডিক্যাল কলেজের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ছিলেন।

সোমনাথগামী পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্যের স্বাস্থ্য দফতর মেডিকেল টিমের জন্য ৮০ ধরনের ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করেছে। যাত্রাপথে সুগার, উচ্চ রক্তচাপ, জ্বর, পেটের সমস্যা, মাথাব্যথা, বদহজমের মতো সাধারণ অসুস্থতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ওষুধের তালিকা। পুণ্যার্থীদের কেউ অসাবধানতাবশত পড়ে গিয়ে চোট পেলে যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। মেডিক্যাল টিমের সঙ্গে থাকছে গজ, তুলো, মলম-সহ প্রয়োজনীয় সামগ্রী। ওষুধের তালিকায় রয়েছে দু'হাজার প্যারাসিটামল এবং এক হাজার অ্যান্টাসিড। পাশাপাশি থাকছে টেলমিসার্টান, অ্যামলোডিপাইন, মেট্রোনিডাজোল, প্যান্টোপ্রাজোল, মেটফরমিন, সিটাগ্লিপটিন, ইনসুলিন, নর্মাল স্যালাইন এবং রিঙ্গার ল্যাকটেটের মতো ওষুধ। শুধু ওষুধ নয়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সঙ্গে নিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের টিম। পাল্‌স অক্সিমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, নেবুলাইজার মেশিন, স্পিরিট-সহ একাধিক চিকিৎসা সামগ্রী থাকবে মেডিকেল টিমের কাছে।

প্রতি বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসা শিবিরের ব্যবস্থা করা হয়। তবে ভিন্‌রাজ্যে কোনও ধর্মীয় স্থান দর্শনে যাওয়া পুণ্যার্থীদের জন্য সরকারি মেডিকেল টিম পাঠানোর নজির নেই বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসক ও নার্সদের সংগঠনগুলি প্রশ্ন তুলেছে। সার্ভিস ডক্টরস ফোরামের সম্পাদক সজল বিশ্বাস বলেন, ‘‘সারা রাজ্যে চিকিৎসক, নার্সের ঘাটতি রয়েছে। এখন ডেঙ্গি, ম্যালেরিয়ার পাশাপাশি নানা ধরনের মরসুমি রোগে হাসপাতালগুলির উপর রোগীর চাপ রয়েছে। সেই সময় ১০ দিনের জন্য সাতজন সরকারি চিকিৎসক, নার্সকে পুণ্যার্থীদের সফরসঙ্গী করা নৈরাজ্য ছাড়া কিছু নয়। জনস্বার্থের নামে সরকারি খরচে জনবিরোধী কাজ করা হচ্ছে।’’ নার্সেস ইউনিটির রাজ্য সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায়ও একই ভাবে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ‘‘রাজ্যের সামনে তো সবসময় গুজরাতকে মডেল হিসেবে তুলে ধরা হয়। তা হলে গুজরাতে পুণ্যার্থীদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এ রাজ্য থেকে মেডিকেল টিম পাঠাতে হচ্ছে কেন? সেখানে কি ডাক্তার, নার্স নেই? আর যদি সরকারের এ ধরনের আরও কর্মসূচি করার পরিকল্পনা থাকে তা হলে নার্সদের শূন্যপদে নিয়োগের ব্যবস্থা আগে করুন।’’


Share