Cyber Crime

কুডনকুলম পরমাণুকেন্দ্রে ‘স্পর্শকাতর’ তথ‍্য ফাঁস! অনিল আম্বানীর সংস্থায় সাইবার হানা, প্রশ্নের মুখে নিরাপত্তা

‘ওয়ার্ল্ড লিকস’-এর দাবি, র‍্যানসমওয়ারের মাধ্যমে অনিল আম্বানীর সংস্থা রিলায়েন্স এডিএজির একটি সার্ভার হ‍্যাক করে এই তথ‍্য মিলেছে। অনিলের এই সংস্থাটি কুডনকুলম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার সংস্থা।

কুডনকুলম পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১১:০১

ভারতের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুডনকুলমের সঙ্গে সম্পর্কিত ১৯ হাজার তথ‍্য ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস করেছে বলে ‘ওয়ার্ল্ড লিকস’ দাবি করেছে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ডার্ক ওয়েবের মাধ্যমে সাইবার হানায় হয়েছে। তা থেকেই এই তথ‍্য ফাঁস হয়েছে।

‘ওয়ার্ল্ড লিকস’-এর দাবি, র‍্যানসমওয়ারের মাধ্যমে অনিল আম্বানীর সংস্থা রিলায়েন্স এডিএজির একটি সার্ভার হ‍্যাক করে এই তথ‍্য মিলেছে। অনিলের এই সংস্থাটি কুডনকুলম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার সংস্থা। ‘ওয়ার্ল্ড লিকস’-এর ফাঁস করা নথিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ব্লুপ্রিন্ট, নকশা, যন্ত্রপাতির নকশা, সরবরাহকারীদের তথ্য এবং অতিসংবেদনশীল তথ্য তাতে রয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অনিল আম্বানীর এডিএজি জানিয়েছে, ভারতীয় ডেটা সেন্টারের তরফে তৃতীয় পক্ষকে পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ইয়োট্টা’ পরিচালিত একটি সার্ভারের তাঁদের ডেটার আংশিক লঙ্ঘন হয়েছে। তা নিয়ে সরকারকে অবগত করা হয়েছে। তবে কি ধরনের তথ্য ফাঁস হয়েছে তা স্পষ্ট করেনি অনিল আম্বানীর সংস্থা।
 

এই ঘটনা কুডনকুলম বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ‘নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ’-এর কর্তা নিকোলাস রথ। এই সংস্থাটি ভারত-সহ বিভিন্ন দেশের সরকারকে পরমাণু নিরাপত্তার বিষয়ে পরামর্শ দেয় এবং এ সংক্রান্ত পদক্ষেপ মূল্যায়ন করে।

নিকোলাসের মতে এই ঘটনা প্রমাণ করছে যে, ভারতে সাইবার হামলার ঘটনা ক্রমশ বাড়ছে, যেখানে অনেক প্রতিষ্ঠান এ ধরনের সঙ্কট মোকাবিলার জন্য সঠিক ভাবে প্রস্তুত নয়। ‘ওয়ার্ল্ড লিকস’-এর ওয়েবসাইটে রিলায়্যান্স সংক্রান্ত ৮ লক্ষ ৮৫ হাজার ফাইল রয়েছে। তার মধ্যে ১৯ হাজারটি ‘সংবেদনশীল’। প্রসঙ্গত, ২১০৮ সালে কুডনকুলম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ৩ এবং ৪ নম্বর ইউনিটের পরিকাঠামো নকশা ও নির্মাণের জন্য বরাত পেয়েছিল অনিলের সংস্থা রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার। ডাটাসেন্টার পরিষেবা প্রদানকারী থার্ড-পার্টি সংস্থা ‘ইয়োট্টা’র একটি সার্ভার থেকে এই ডেটা চুরি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।


Share