Supreme Court on Journalist

স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা নাও পেতে পারেন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল‍্য বাগচীর

তাঁর মতে, সাংবাদিকতায় স্বীকৃতি বা নিবন্ধনের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং বিক্ষোভের সময় সাংবাদিকদের স্বাধীনতা ও আইনশৃঙ্খলা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১০:২৯

দিল্লিতে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দিল্লি পুলিশ সাংবাদিকদের পরিচয়পত্র দেখাতে বলছিল। তাতে কয়েক জন সাংবাদিকের অভিযোগ, তাঁরা হেনস্থার শিকার হয়েছেন। সেই সময়ের একটি মামলায় এ বার সাংবাদিকদের স্বাধীনতা ও বিশেষ সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত।

আইনজীবীদের বক্তব্য, বিক্ষোভের সময় যখন পুলিশ জনতাকে সরিয়ে দেয়, তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের আলাদা করে পরিচয় যাচাই করা কার্যত অসম্ভব। বিচারপতি স্পষ্ট করে দেন, সাংবাদিকদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হলেও তা সংশ্লিষ্ট ব্যক্তির সাংবাদিক পরিচয়ের এপর নির্ভর করতে পারে।

জ্ঞানেশ-বিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণে বলেন, “স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা নাও পেতে পারেন।” বিচারপতি বাগচীর বক্তব্য, সাংবাদিক হিসেবে পরিচয় আপনা-আপনি অর্জন করা যায় না। সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃতি পেতে পারেন। সংবাদপত্রের সঙ্গে যুক্ত টিভি চ্যানেলের সাংবাদিকেরাও স্বীকৃতি পেতে পারেন। ডিজিটাল মাধ্যমের সাংবাদিকদের ক্ষেত্রেও নিবন্ধনের ব্যবস্থা থাকতে পারে। তবে যাঁরা কেবল নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, তাঁদের স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা নাও থাকতে পারে। পাশাপাশি বিচারপতি বাগচী এ-ও উল্লেখ করেন, সাংবাদিকদের স্বাধীনতা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।

দিল্লি পুলিশেরও বক্তব্য, বিক্ষোভের খবর সংগ্রহের সময় ‘রিল-মেকার’ বা ‘কনটেন্ট ক্রিয়েটর’রা সাংবাদিকদের জন্য বরাদ্দ সুরক্ষা দাবি করতে পারেন না। বিচারপতি বাগচী এই মামলায় আরও বলেন, “একজন সাংবাদিকের পরিচয় জানা জরুরি। তিনি কি প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত? নাকি কোনও সংবাদপত্র বা টিভি চ্যানেলে কর্মরত? নাকি সমাজমাধ‍্যমে রিল তৈরি করছেন?”

কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (KUWJ)-এর তরফে এই আবেদন করা হয়েছিল। আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী পি ভি দীনেশ সাত জন সাংবাদিকের অভিযোগ তুলে ধরেন।

বিচারপতি বাগচী বলেন, “আমরা প্রথমে খতিয়ে দেখব— কোনও জমায়েত বা বিক্ষোভের পরিস্থিতিতে একজন সাংবাদিক কতদূর পর্যন্ত যেতে পারেন। একজন সাংবাদিকের বিশেষ কোনও সুবিধা পাওয়ার কথা আছে কি না।”বিক্ষোভের সময় সাংবাদিকেরা কোনও বিশেষ অধিকার বা সুরক্ষা পান কি না, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি।

এ দিন মামলাটি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট অভিযোগগুলির তদন্তের জন্য আবেদনকারীদের আদালত-নিযুক্ত তদন্ত কমিটির কাছে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে অভিযোগগুলির সত্যতা বা পুলিশি পদক্ষেপের বৈধতা নিয়ে আদালত কোনও চূড়ান্ত মত দেয়নি।


Share